বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি— সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
বিশ্বজুড়ে মে দিবস: মজুরি ও অধিকারের দাবিতে রাজপথে শ্রমিকরা
আজ মে দিবস। বিশ্বজুড়ে শ্রমিক ইউনিয়নগুলো মজুরি, পেনশন, অর্থনৈতিক অসমতা এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে সংহতি প্রকাশের জন্য এই দিনটিকে বেছে নিয়েছে। সিউল থেকে জাকার্তা, ইস্তাম্বুল থেকে ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ রাজধানী এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আজ বড় ধরনের বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এপি এ খবর জানিয়েছে।
ইরান যুদ্ধ ‘শেষ’, দাবি ট্রাম্প প্রশাসনের
এপ্রিলের শুরুতে কার্যকর হওয়া যুদ্ধবিরতির কারণে ইরান যুদ্ধ শেষ হয়ে গেছে বলে দাবি করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউস বলছে, এপ্রিলের শুরুতে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মধ্য দিয়ে যুদ্ধের অবসান ঘটেছে, ফলে কংগ্রেসের অনুমোদন নেওয়ার প্রয়োজন নেই। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
যে কারণে বাংলাদেশ সীমান্তে কুমির ও সাপ ছাড়তে চায় ভারত
ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে এক বিতর্কিত উদ্যোগ নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। কাঁটাতারের বেড়া দেওয়া অসম্ভব এমন নদীতীরবর্তী ও দুর্গম এলাকাগুলোতে প্রাকৃতিক প্রতিবন্ধক হিসেবে কুমির ও বিষধর সাপ মোতায়েনের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ইউকে ভিসা ওয়াচলিস্ট: ‘সাইলেন্ট সাসপেনশনের’ মুখে বাংলাদেশ ও পাকিস্তান?
যুক্তরাজ্য সরকারের বিতর্কিত ‘ইমার্জেন্সি ব্রেক’ বা জরুরি ভিসা স্থগিতাদেশ বর্তমানে চারটি দেশের ওপর বহাল রয়েছে। আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার ও সুদানের নাগরিকদের জন্য স্টুডেন্ট ভিসা বর্তমানে সম্পূর্ণ বন্ধ রয়েছে। এদিকে, ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এক নতুন ‘কমপ্লায়েন্স-নির্ভর’ সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন, যা মূলত বাংলাদেশ ও পাকিস্তানের মতো উচ্চ-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য একটি ‘পরোক্ষ নিষেধাজ্ঞা’ হিসেবে কাজ করবে।
জীবনের সবচেয়ে সুখী বয়স কোনটি, জানালো গবেষণা
প্রবাদে আছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবনের অভিজ্ঞতা ও মর্যাদা বাড়ে। তবে নতুন এক গবেষণার তথ্য যদি বিশ্বাস করতে হয়, তবে বলতে হবে, মধ্যবয়সে পুরোপুরি পা দেওয়ার পরেই মানুষ সবচেয়ে বেশি সুখী হয়। সম্প্রতি যুক্তরাজ্যে পরিচালিত এক জরিপ বলছে, ৪০-এর কোঠার শেষ দিকে, বিশেষ করে ৪৭ বছর বয়সে মানুষ সবচেয়ে বেশি সুখী ও আত্মবিশ্বাসী বোধ করে।
জরুরি চিকিৎসায় ডাক্তারদের চেয়ে রোগ নির্ণয়ে নির্ভুল এআই
হাসপাতালে যখন মুমূর্ষু রোগীকে আনা হয়, সেই জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে প্রথম রোগ নির্ণয়ের ক্ষেত্রে চিকিৎসকদের চেয়েও ভালো দক্ষতা দেখাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। হার্ভার্ডের এক যুগান্তকারী গবেষণায় এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সায়েন্স সাময়িকীতে প্রকাশিত এই গবেষণার ফলাফলকে স্বাধীন বিশেষজ্ঞরা কৃত্রিম বুদ্ধিমত্তার ক্লিনিক্যাল যুক্তিবোধের ক্ষেত্রে একটি প্রকৃত বড় অগ্রগতি হিসেবে বর্ণনা করেছেন।



