ভোলায় যুবলীগ নেতার হাত-পা ভাঙচুর, অভিযোগ বিএনপি-যুবদলের বিরুদ্ধে
ভোলায় যুবলীগ নেতার হাত-পা ভাঙচুরের অভিযোগ

ভোলার মনপুরা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামন মনিরের হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৫ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার ভোরে মনিরের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। তিনি শ্যামলী সেন্ট্রাল হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তার হাত ও পায়ে অস্ত্রোপচার করা হয়েছে।

আহত মনিরের অভিযোগ

আহত মনির দাবি করেছেন, বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা লোহার রড দিয়ে পিটিয়ে তার হাত-পা ভেঙে দিয়েছে। ঢাকার সেন্ট্রাল হাসপাতাল থেকে তিনি জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে ফকিরহাট বাজার থেকে বাড়ি ফেরার পথে যুবদল নেতা শাহজাহান মাষ্টার ও তার ভাই জুয়েলের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা লোহার রড দিয়ে হামলা চালায়। তারা এলোপাতাড়ি মারধর করতে থাকে। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে।

দোকান দখল নিয়ে বিরোধ

মনির আরও জানান, এর আগে ফকিরহাট বাজারে তাদের ত্রিশ বছর আগে কেনা একটি দোকান জোর করে দখল নেয় যুবদল নেতা শাহজাহান মাষ্টারসহ অন্যরা। তিনি এ ঘটনা নিয়ে স্থানীয় বিএনপি নেতাদের কাছে বিচার চান। এতে তারা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়। এর আগে তার তিন ভাইকেও মারধর করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিএনপি নেতাদের প্রতিক্রিয়া

এ ব্যাপারে যুবদল নেতা শাহজাহান মাষ্টারের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। উপজেলা বিএনপি ও যুবদলের নেতারাও কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর জানান, এ ঘটনায় জড়িত কেউ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত নয়। যদি কেউ জড়িত থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি ঘটনার নিন্দা জানিয়েছেন।

পুলিশের বক্তব্য

মনপুরা থানার ওসি মাজাহারুল ইসলাম জানান, এ ব্যাপারে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ