গাজীপুরের শ্রীপুরে বরমী ইউনিয়নের সাতখামাইর এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ছয় সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শুক্রবার বিকাল ৩টার দিকে বরমীর ৫ নম্বর ওয়ার্ডের সাতখামাইর-দুর্লভপুরে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিদের পরিচয়
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা হলেন—ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার রাজু, তানজিম, ওয়ালি ইসলাম ও মোবারিজ এবং কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার রাব্বি ও ইমন।
স্থানীয়দের দাবি ও পুলিশের বক্তব্য
স্থানীয়দের দাবি, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি ব্যানার উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণের অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। শ্রীপুর থানার ওসি (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, "মিছিলের প্রস্তুতির সময় স্থানীয়দের সহযোগিতায় ছয়জনকে আটক করা হয়েছে। তাদের সঙ্গে থাকা একটি ব্যানার জব্দ করা হয়েছে। ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।"
ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি টহল জোরদার করেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।



