প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (১৭ জুন) একদিনের সফরে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস বাংলা এয়ারলাইনসের ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সকাল সোয়া ১০টার দিকে বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয় প্রধানমন্ত্রীর গাড়িবহর।
ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, তিনি সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এরপর মৌলভীবাজারের উদ্দেশে রওনা হন। দুপুর ১টায় শ্রীমঙ্গল পৌঁছে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। এ কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।
দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আরেকটি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।
রাজনৈতিক সভায় অংশগ্রহণ
বিকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দুসাই রিসোর্টের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। সেখানে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম শেষে দুসাই রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সভায় যোগ দেবেন। সভা শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন।



