কুকুরের কামড়ে চোর ধরা, হাসপাতালে ভর্তি
কুকুরের কামড়ে চোর ধরা, হাসপাতালে ভর্তি

বরগুনার আমতলী উপজেলায় গরু চুরি করতে গিয়ে কুকুরের কামড়ে চোর সোবাহান মৃধা (৫৫) গুরুতর আহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে চাওড়া ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের আহসানুল করিম নিয়াজের বাড়ির গোয়ালঘরে প্রবেশ করলে মালিকের পালিত কুকুর তাকে ধাওয়া করে এলোপাতাড়ি কামড় দেয়। এতে তিনি কাবু হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে বাড়ির গৃহিণী তানিয়া আক্তার সুখি তাকে ধরে ফেলেন।

ঘটনার বিবরণ

জানা গেছে, নিয়াজ ঢাকায় চাকরি করেন। তার অনুপস্থিতিতে সোবাহান প্রায় ওই বাড়ির পুকুরের মাছ ও বিভিন্ন জিনিসপত্র চুরি করত। চোরের উপদ্রব থেকে রক্ষা পেতে নিয়াজ একটি কুকুর পালন করতেন। বুধবার রাতে গরু চুরি করতে গিয়ে সোবাহান কুকুরের কবলে পড়েন।

কুকুরের ডাকাডাকি শুনে গৃহিণী সুখি এসে চোরকে ধরে ফেলেন। স্থানীয় লোকজন পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে তাকে আটক করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চিকিৎসা ও আইনি ব্যবস্থা

হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাসেল চৌধুরী বলেন, সোবাহানের শরীরে কুকুরের কামড়ের অনেক আঘাত রয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৃহিণী সুখি বলেন, 'সোবাহান গরু চুরি করতে গোয়ালঘরে প্রবেশ করে। আমার পালিত কুকুর টের পেয়ে তাকে ধাওয়া করে এলোপাতাড়ি কামড়ে কাবু করে ফেলে। পরে আমি গিয়ে তাকে ধরে লোকজনকে খবর দেই।'

আমতলী থানার ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, 'সোবহানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ পেয়েছি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ