মেহেরপুরে দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ও বিএনপির নামে হুমকি চিরকুট
মেহেরপুরে দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকি চিরকুট

মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামে একটি দোকানের সামনে থেকে বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে লেখা রয়েছে, 'এই গ্রামে বিএনপির নামগন্ধ রাখবো না'। বুধবার (১৭ জুন) সকালে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

উপজেলার নওদা মটমুড়া গ্রামের কাজলের ইটভাটা সংলগ্ন এলাকায় শরিফুল ইসলাম নামে এক ব্যক্তির দোকানের সামনে থেকে এসব উদ্ধার করা হয়। শরিফুল ওই এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান শরিফুল। বুধবার সকালে এসে দোকানের সামনে একটি বোমাসদৃশ বস্তু এবং চিরকুট দেখতে পান।

চিরকুটের ভাষ্য

চিরকুটে লেখা ছিল, 'এই দোকানে বিএনপির কোনো লোক বসবে না। যারা বসবে তাদের সমস্যা আছে। এই গ্রামে বিএনপির নামগন্ধ রাখবো না।' এ ঘটনার পর দোকান মালিক ও স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের পদক্ষেপ

ঘটনা জানাজানি হলে উৎসুক জনতার ভিড় জমে। একপর্যায়ে গাংনী থানায় খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করে। দোকান মালিক শরিফুল ইসলাম বলেন, 'সকালে দোকান খুলতে এসে সামনে একটি বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট দেখতে পাই। বিষয়টি দেখে ভয় পেয়ে যাই। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দিলে তারা এসে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।'

গাংনী থানার ওসি মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী বলেন, 'খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এবং কী উদ্দেশে এ ধরনের ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ