রংপুরের পীরগঞ্জে ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য জেবা আমিন খান। এ সময় তিনি শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।
শহীদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ
বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার মদনখালীর জাফরপাড়া বাবনপুর এলাকায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন জেবা আমিন। পরে আবু সাঈদের বাবা মকবুল হোসেনসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। শেষে শহীদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
শহীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা
আবু সাঈদের অবদানের কথা উল্লেখ করে জেবা আমিন বলেন, ‘জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বিশেষ করে আবু সাঈদের অবদান সবসময় শ্রদ্ধাভরে স্মরণ করবে জাতি। কারণ আবু সাঈদ বুক পেতে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে যেভাবে মৃত্যুকে আলিঙ্গন করেছিল, তা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। এটি দেশের এবং বিশ্বের মানুষ আজীবন মনে রাখবে। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আবু সাঈদের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে রংপুর-৫ ও ৬ সংসদীয় আসনের উন্নয়ন তদারকি, দেখভাল এবং রাজনৈতিক সমন্বয়ের সার্বিক দায়িত্ব দিয়েছেন। যথাযথভাবে এই দায়িত্ব পালন করবো আমি। এজন্য সবার সহযোগিতা চাই।’
উপস্থিত নেতাকর্মীরা
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রুহুল আমিন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহামুদুন নবী চৌধুরী পলাশসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে আবু সাঈদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
রংপুরের আসনে দায়িত্ব বণ্টন
রংপুর-৫ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন জামায়াতে ইসলামীর মো. গোলাম রব্বানী। রংপুর-৬ আসনে একই দলের প্রার্থী মো. নুরুল আমীন নির্বাচিত হন। গত ৭ জুন জাতীয় সংসদে বিরোধী দলের সদস্যদের আসনে উন্নয়ন তদারকি এবং রাজনৈতিক সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল বিএনপির সংরক্ষিত আসনের নারী এমপিদের। ওই দিন জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় দলটির ৩৬ নারী এমপিকে বিরোধী দলের ৭৯টি আসনের দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছিল। এর মধ্যে জেবা আমিন রংপুর ৫ ও ৬ সংসদীয় আসনের উন্নয়ন তদারকির সার্বিক দায়িত্ব পেয়েছেন।
বাজেট বক্তব্য নিয়ে বিতর্ক
গতকাল মঙ্গলবার বাজেট আলোচনায় সংসদে বাংলা ও ইংরেজি মিশিয়ে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। জেবা আমিন খানের ওই বক্তব্য নিয়ে নেটিজেনদের মধ্যে হাস্যরসও দেখা গেছে। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। একপর্যায়ে ভাঙাচোরা সড়ক নিয়ে বিরোধী দলের এক সদস্যের বক্তব্যের জবাব দিতে গিয়ে জেবা আমিন খান বলেন, ‘সিক্সটিন হানড্রেড মাইল অব কাঁচা রাস্তা। দ্য রাস্তাস আর ভেরি ভেরি ব্যাড সিচুয়েশন। দিস ইজ ডিউ টু দুর্নীতি, দ্যাট ইউ হ্যাভ সিন ফ্রম দ্য প্রিভিয়াস রিজিম।’



