সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেছেন, সারা দেশের বিভিন্ন সরকারি দপ্তরের শূন্যপদ পূরণের লক্ষ্যে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।
সংসদে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কুড়িগ্রাম-১ আসনের জামায়াতে ইসলামীর এমপি মো. আনোয়ারুল ইসলামের টেবিলে উত্থাপিত প্রশ্নের লিখিত জবাবে তিনি এ কথা জানান।
পাঁচ লাখ কর্মচারী নিয়োগের উদ্যোগ
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, কর্মপরিকল্পনায় উল্লেখিত ‘স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ’ উদ্যোগ বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগ-সংক্রান্ত সর্বশেষ অবস্থা পর্যালোচনা করা হচ্ছে। শূন্যপদের সঠিক তথ্য সংগ্রহ এবং নিয়োগের অধিযাচন (রিকুইজিশন) দ্রুত পাঠানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগসমূহে এরইমধ্যে পত্র পাঠানো হয়েছে।
দ্রুত নিয়োগপ্রক্রিয়া নিশ্চিতে নির্দেশনা
মো. আব্দুল বারী জানান, দ্রুত নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে, সংশ্লিষ্ট দপ্তরগুলোকে শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও সময়াবদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল রাখতে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সময়োপযোগী নিয়োগপ্রক্রিয়া নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই উদ্যোগে চাকরিপ্রার্থীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে সরকারি দপ্তরগুলোতে কর্মচারীর শূন্যতা পূরণ হবে বলে আশা করা যাচ্ছে।



