সিলেটের ছয় আসনে বিএনপির ৫ আসনে জয়, খেলাফত মজলিসের ১ আসন
সিলেট বিভাগের ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই বিএনপির প্রার্থীরা জয় পেয়েছেন। এ ছাড়া একটি আসনে বিজয়ী হয়েছেন ১১-দলীয় জোটের শরিক দল খেলাফত মজলিসের প্রার্থী। গত বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
সিলেট-১ আসনে বিএনপির খন্দকার আবদুল মুক্তাদীরের জয়
সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদীর ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৯৩৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের হাবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৮৩ ভোট। এ আসনে ৪৭ দশমিক ৮১ শতাংশ ভোট পড়েছে এবং ৭ হাজার ৫২৩টি ভোট বাতিল হয়েছে।
সিলেট-২ আসনে তাহসিনা রুশদীরের বিশাল ব্যবধানে জয়
সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর (লুনা) ধানের শীষ প্রতীক নিয়ে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৯৫৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্য জোটের প্রার্থী খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাছির আলী পেয়েছেন ৩৮ হাজার ৬৩৫ ভোট। এ আসনে ৪৪ দশমিক ৫৯ শতাংশ ভোট পড়েছে এবং ৪ হাজার ৪৫১টি ভোট বাতিল হয়েছে।
সিলেট-৩ আসনে বিএনপির এম এ মালিকের বিজয়
সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী এম এ মালিক বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৪৫০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্য জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মুসলেহ উদ্দীন (রাজু) পেয়েছেন ৭৫ হাজার ৬৭৪ ভোট। এ আসনে মোট ভোট পড়েছে ৪৯ দশমিক ২০ শতাংশ এবং ৫ হাজার ৬টি ভোট বাতিল হয়েছে।
সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরীর বিশাল ভোটের ব্যবধান
সিলেট-৪ (গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর) আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে বিশাল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৮৪৬ ভোট। অন্যদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. জয়নাল আবেদীন পেয়েছেন ৭১ হাজার ৩৯১ ভোট। এ আসনে মোট ভোট পড়েছে ৫২ দশমিক ৭৫ শতাংশ এবং ৭ হাজার ৭৭টি ভোট বাতিল হয়েছে।
সিলেট-৫ আসনে খেলাফত মজলিসের মোহাম্মদ আবুল হাসানের জয়
সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনে ১১-দলীয় ঐক্য জোটের প্রার্থী খেলাফত মজলিসের মোহাম্মদ আবুল হাসান দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে জয় পেয়েছেন। তিনি পেয়েছেন ৭৯ হাজার ৩৫৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি–সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ওবায়দুল্লাহ ফারুক, যিনি পেয়েছেন ৬৯ হাজার ৭৭৪ ভোট। এ আসনে মোট ভোট পড়েছে ৪৯ দশমিক ৩৩ শতাংশ এবং ৪ হাজার ৭৬৬টি ভোট বাতিল হয়েছে।
সিলেট-৬ আসনে বিএনপির এমরান আহমদ চৌধুরীর বিজয়
সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী এমরান আহমদ চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে জামায়াতের প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৯১৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ সেলিম উদ্দিন পেয়েছেন ১ লাখ ১ হাজার ৫৬৯ ভোট। এখানে মোট ভোট পড়েছে ৪৭ দশমিক ৮৭ শতাংশ এবং ৫ হাজার ৮০৮টি ভোট বাতিল হয়েছে।
গত বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ হয়। জেলার ছয়টি সংসদীয় আসনে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ১৬ হাজার ৬১০ জন।
