সাতক্ষীরার চার আসনে জামায়াতের জয়, প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত চার নেতা
সাতক্ষীরার চার আসনে জামায়াতের জয়, প্রথমবারের সংসদ সদস্য চার নেতা

সাতক্ষীরার চার আসনে জামায়াতের জয়, প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত চার নেতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনেই জামায়াতে ইসলামীর জয় হয়েছে। জেলার সব আসনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের পরাজিত করে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর মধ্যে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা–১, সাতক্ষীরা-২ ও সাতক্ষীরা-৩ আসনের বিজয়ীরা। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফরোজা আখতার সব কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ করে চূড়ান্ত ফল ঘোষণা করেন।

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ইজ্জত উল্লাহর জয়

সাতক্ষীরা-১ আসনে জয়ী হয়েছেন জামায়াতের ইজ্জত উল্লাহ। ১৬৯টি কেন্দ্রের (পোস্টাল ভোটসহ) ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৭৭২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯৯৫ ভোট। ফলে ইজ্জত উল্লাহ ২৩ হাজার ৭৭৭ ভোটের ব্যবধানে জয়ী হন।

সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে মুহাদ্দিস আবদুল খালেকের বড় ব্যবধানে জয়

সাতক্ষীরা-২ আসনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন জামায়াত নেতা মুহাদ্দিস আবদুল খালেক। ১৮১টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৯৫৯ ভোট। অন্যদিকে বিএনপির প্রার্থী মো. আবদুর রউফ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ২২৯ ভোট। ফলে আবদুল খালেক ১ লাখ ৫০ হাজার ৬৬৬ ভোটের ব্যবধানে জয়ী হন।

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে মুহা. রবিউল বাসারের জয়

সাতক্ষীরা-৩ আসনে জয় পেয়েছেন জামায়াতের হাফেজ মুহা. রবিউল বাসার। ১৬৬টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৮৪ হাজার ২৩৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শহিদুল আলম পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৩৮৯ ভোট। রবিউল বাসার ৭৮ হাজার ৮৪৪ ভোটের ব্যবধানে জয়ী হন। এ ছাড়া বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিন পেয়েছেন ৫৬ হাজার ৮১৯ ভোট।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে গাজী নজরুল ইসলামের জয়

সাতক্ষীরা-৪ আসনে নির্বাচিত হয়েছেন জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম। ৯৭টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৯১৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. মনিরুজ্জামান পেয়েছেন ৮৫ হাজার ৪২৬ ভোট। গাজী নজরুল ইসলাম ২১ হাজার ৪৮৭ ভোটের ব্যবধানে জয়ী হন।

এই নির্বাচনে সাতক্ষীরা জেলার চারটি আসনেই জামায়াতে ইসলামীর প্রার্থীরা বিজয়ী হয়েছেন, যা জেলার রাজনৈতিক প্রেক্ষাপটে একটি উল্লেখযোগ্য ঘটনা। প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত এই চার নেতার জয়লাভ স্থানীয় পর্যায়ে দলের শক্ত অবস্থানকে প্রতিফলিত করে।