অন্ধ ঘোড়াকে আশ্রয় দেওয়া কলেজছাত্রের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
অন্ধ ঘোড়াকে আশ্রয় দেওয়া কলেজছাত্রের পাশে প্রধানমন্ত্রী

সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামের কলেজছাত্র সোহান হোসেন একটি অন্ধ ও অসুস্থ ঘোড়াকে আশ্রয় দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই উদ্যোগের প্রশংসা করে পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩০ জুন) রাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সোহানের বাড়িতে গিয়ে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

ঘটনার সূত্রপাত

কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় একটি অন্ধ ও মারাত্মক অসুস্থ ঘোড়া স্থানীয় একটি শ্মশানের পাশে পড়ে আছে। অনেকেই পাশ কাটিয়ে চলে গেলেও বা শুধু ভিডিও ধারণ করলেও প্রাণীটিকে উদ্ধারে কেউ এগিয়ে আসেনি।

সোহানের মানবিক উদ্যোগ

ভিডিও দেখে স্থির থাকতে পারেননি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী সোহান হোসেন। তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং ঘোড়াটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসেন। পরে স্থানীয় প্রাণী চিকিৎসক জানান, প্রাণীটির দুটি চোখই স্থায়ীভাবে নষ্ট হয়ে গেছে এবং দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা সম্ভব নয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এই সত্য জানার পরও সোহান ঘোড়াটিকে ফেলে দেননি। বরং পরিবারকে সঙ্গে নিয়ে পরিচর্যার দায়িত্ব নেন। তিনি বলেন, 'দুচোখ অন্ধ হলেও এটি তো একটি জীবন্ত প্রাণী। চোখের সামনে একটি প্রাণীকে ধুঁকে ধুঁকে মরতে দিতে পারিনি। তাই বাড়িতে নিয়ে এসেছি। যতদিন বাঁচবে, আমরা ওর যত্ন নেব।'

প্রধানমন্ত্রীর প্রশংসা ও সহায়তা

সোহানের প্রাণীপ্রেমের খবর প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। তিনি তাৎক্ষণিকভাবে উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের নির্দেশনায় মঙ্গলবার রাতে সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা সোহানের বাড়িতে যান এবং তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও বিশেষ উপহারসামগ্রী তুলে দেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয় প্রতিক্রিয়া

স্থানীয়রা জানান, বর্তমান সময়ে মানুষের প্রতি সহানুভূতির অভাবের মধ্যে একটি প্রাণীর প্রতি সোহানের ভালোবাসা সমাজের জন্য বড় বার্তা। দেশের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এই তরুণকে উৎসাহিত করায় এলাকায় তা সমাদৃত হয়েছে।