আসন্ন কুরবানি ঈদ উপলক্ষ্যে হাইওয়ে সড়কের উপরে বা পাশে কোনো গরুর হাট বসবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (১১ মে) সচিবালয়ে সড়ক পরিবহণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ঢাকায় ৬৯টি মোবাইল কোর্ট
মন্ত্রী বলেন, ঈদযাত্রা উপলক্ষ্যে ঢাকা থেকে বিভিন্ন জেলাতে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকায় বিভিন্ন স্থানে ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। যাতে সড়কে অযাচিত যানজট এড়ানো যায়। এসব মোবাইল কোর্ট যানজট সৃষ্টিকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা
তিনি বলেন, ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশনা রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে মিটিং করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মিটিং হয়েছে। প্রধানমন্ত্রীর দেওয়া দিকনির্দেশনার আলোকে রেলওয়ে, নৌ পরিবহণ এবং সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের পৃথক মিটিং অনুষ্ঠিত হয়েছে।
গরুর ট্রাক ও মনিটরিং
মন্ত্রী বলেন, কুরবানির ঈদ উপলক্ষ্যে এবার অসংখ্য গরুর ট্রাক সড়কে চলাচল করবে। এজন্য রাজধানীর ধোলাইপাড় বাসস্ট্যান্ড, আব্দুল্লাহপুর ও গাবতলী বাসস্ট্যান্ডে সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে। যাতে এসব এলাকায় যানজট না হয়।
যাত্রীদের প্রতি আহ্বান
সড়ক পরিবহণমন্ত্রী বলেন, যত্রতত্র থেকে বাসে ওঠানামা না করার জন্য যাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে যানবাহন মালিকদেরও নির্দেশনা দেওয়া আছে, যাতে তারা যত্রতত্র থেকে বাসে যাত্রী ওঠানামা না করান। এছাড়া সড়কে হাইওয়ে পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং গোয়েন্দা সংস্থার লোকজনের উপস্থিতি থাকবে। বড় ধরনের যানজট হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
নৌপথে নিরাপত্তা
শেখ রবিউল আলম বলেন, এবারের ঈদযাত্রায় কেউ স্পিডবোট বা নৌকা থেকে লঞ্চে উঠতে পারবে না। তবে টার্মিনালে উঠতে পারবে। এজন্য টার্মিনালে সিঁড়ির ব্যবস্থা করে দেওয়া আছে। ফেরি পারাপারে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। ফেরিতে ওঠার আগে যাত্রীদের বাস থেকে নামিয়ে দিতে হবে। এছাড়া ফেরিতে ওঠার আগে বাসের গতি নিয়ন্ত্রণ এবং পল্টুনে ব্যারিকেড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
গার্মেন্টস শ্রমিকদের ছুটি
মন্ত্রী আরও বলেন, এবারের ঈদযাত্রায় গার্মেন্টস শ্রমিকদের পর্যায়ক্রমে তিন দিনে ধাপে ধাপে ছুটি দেওয়ার জন্য গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এতে করে যানজট কমবে এবং শ্রমিকরা নির্বিঘ্নে বাড়ি যেতে পারবেন।



