রাজধানীর আবহাওয়া রবিবার (১০ মে) সকাল থেকেই শুষ্ক ছিল। তবে দিন বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ মেঘে ঢেকে যায় এবং বেলা আড়াইটা নাগাদ রাজধানীর বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে এলেও যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে।
আবহাওয়া অধিদফতরের তথ্য
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সোমবারের (১১ মে) মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২৪ ঘণ্টার পূর্বাভাস
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।



