সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট ৯ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। সোমবার (৪ মে) দিবাগত রাত ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

মৃতদের বিবরণ

বুলেটিনে বলা হয়, মৃতদের মধ্যে আটজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে মক্কায় সাতজন এবং মদিনায় দুজন মারা গেছেন। সর্বশেষ সোমবার বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ফরিদপুর সদরের মো. নাসিরউদ্দিন বিশ্বাস (৫৮) এবং চাঁপাইনবাবগঞ্জের মাহফুজা বেগম (৫২) মক্কায় ইন্তেকাল করেন। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, তাদের মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে।

হজ ফ্লাইটের অগ্রগতি

এখন পর্যন্ত ১১৮টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৪৬ হাজার ৫১৪ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৪ হাজার ৪৪৩ জন রয়েছেন। হজযাত্রী পরিবহনে এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৪টি, সৌদি এয়ারলাইন্সের ৪৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২১টি ফ্লাইট পরিচালিত হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হজের সময়সূচি

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন রয়েছেন। এর আগে গত ১৮ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুন শেষ হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ