মা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের কারাবন্দি নারীদের পাশে দাঁড়িয়েছেন মার্কিন রিয়েলিটি টিভি তারকা ও উদ্যোক্তা কিম কার্দাশিয়ান। বিশেষ এই দিনে ৫০ জন কারাবন্দি নারীকে তাদের সন্তানদের সঙ্গে দেখা করিয়ে দেবেন তিনি। পিপলস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, রিফর্ম ও লেডিজ অব হোপ মিনিস্ট্রি (এলওএইচএম) নামের দুটি সংস্থার সঙ্গে মিলে কার্দাশিয়ান বিভিন্ন কারাগারে থাকা ৫০ জন নারীকে নির্বাচন করেছেন।
খরচ বহন করবেন কার্দাশিয়ান
সন্তানদের সঙ্গে দেখা করার পুরো খরচই দিচ্ছেন কার্দাশিয়ান ও ওই দুই সংস্থা। এক বিবৃতিতে কিম কার্দাশিয়ান বলেন, ‘রিফর্ম ও এলওএইচএমের সঙ্গে মিলে এই পরিবারগুলোকে একত্রে আনার কাজটি করে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। এতে তারা আবারও তাদের সন্তানদের স্পর্শ করতে পারবেন, একসঙ্গে হাসতে পারবেন, আবারও পরিবার হয়ে উঠতে পারবেন।’
দীর্ঘ বিচ্ছেদের পর মিলন
তিনি আরও জানান, ‘এই মায়েদের অনেকেই বহু বছর তাদের সন্তান ও পরিবার থেকে দূরে আছেন। তারা সন্তানের জন্মদিন মিস করেছেন, একসঙ্গে কোনো ছুটি কাটাতে পারেননি। এসব মুহূর্তগুলোকে আমরা অত্যন্ত স্বাভাবিক হিসেবে ধরে নেই।’ সম্প্রতি কার্দাশিয়ান ও তার মা ক্রিস জেনার ক্যালিফোর্নিয়ার একটি কারাগার পরিদর্শন করেন, যেখানে তারা নারী বন্দিদের জীবন ও চিকিৎসা পরিস্থিতি প্রত্যক্ষ করেন। সেই অভিজ্ঞতা তাকে আরও মানবিক উদ্যোগ নিতে উদ্বুদ্ধ করেছে বলে জানা যায়।
এই উদ্যোগকে মানবাধিকার ও পুনর্বাসন কার্যক্রমে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা কারাবন্দি নারীদের মানসিক সহায়তা ও পারিবারিক পুনর্মিলনের সুযোগ তৈরি করবে।



