কুমিল্লার নাঙ্গলকোটে বাক্প্রতিবন্ধী এক নারীকে (২৬) ধর্ষণের অভিযোগে সাব্বির আহমেদ নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের দক্ষিণ শ্রীহাস্য এলাকার ছিদ্দিক আলী মোয়ালেম শাহ হাফেজিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শিক্ষকের পরিচয়
সাব্বির আহমেদ (৩২) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও জনতরী গ্রামের তাজ উদ্দিনের ছেলে। তিনি ওই মাদ্রাসার নূরানী বিভাগের শিক্ষক ছিলেন।
ঘটনার বিবরণ
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিবন্ধী নারীটি ওই মাদ্রাসায় রান্নার কাজ করতেন। সম্প্রতি শিক্ষক সাব্বির তাকে কয়েক দফায় ধর্ষণ করেন। সবশেষ শুক্রবার দুপুরে ধর্ষণের ফলে ভিকটিমের অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে বিষয়টি জানাজানি হয়।
গ্রেফতার ও আইনি ব্যবস্থা
স্থানীয়রা অভিযুক্তকে আটক করে ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে। ধর্ষিতাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়। এ ঘটনায় ধর্ষিতার ভাই বাদী হয়ে নাঙ্গলকোট থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।
নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।



