বিশ্বকাপের নকআউট পর্ব শেষের দিকে গড়ানোর সঙ্গে সঙ্গে রেফারিং সিদ্ধান্ত নিয়ে আলোচনা ও বিতর্ক বেড়েছে। বিশেষ করে শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনা ও মিসরের লড়াইয়ে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরের কয়েকটি সিদ্ধান্ত ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে শুধু পারফরম্যান্স নয়, ম্যাচ অফিসিয়াল নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক ও ভূরাজনৈতিক বিষয়ও বিবেচনায় রাখে ফিফা।
ভূরাজনৈতিক কারণে রেফারি নির্বাচনে জটিলতা
বিশ্বকাপে প্রতিটি ম্যাচের জন্য নিরপেক্ষ রেফারি নিয়োগ দেয় ফিফা। তবে শুধু নিরপেক্ষতা নয়, ম্যাচ অফিসিয়াল নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক ও ভূরাজনৈতিক বিষয়ও বিবেচনায় রাখা হয়। সে কারণেই টুর্নামেন্টের শেষ দিকে গিয়েও কিছু দেশের রেফারিদের নির্দিষ্ট কিছু ম্যাচে দায়িত্ব দেওয়ার সুযোগ থাকে না।
যদি ইংল্যান্ড ফাইনাল পর্যন্ত পৌঁছে যায়, তাহলে আর্জেন্টিনার কোনো রেফারিকে আর ইংল্যান্ডের ম্যাচে দায়িত্ব দেওয়া হবে না। একইভাবে আর্জেন্টিনা যদি সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ওঠে, তাহলে ইংল্যান্ডের অভিজ্ঞ দুই রেফারি অ্যান্থনি টেইলর ও মাইকেল অলিভারও আর্জেন্টিনার ম্যাচ পরিচালনা করতে পারবেন না।
ফকল্যান্ড যুদ্ধের প্রভাব চার দশক পরও
বিশ্বকাপে ইতোমধ্যে সাতটি ম্যাচ পরিচালনা করেছেন ইংলিশ রেফারি মাইকেল অলিভার। কিন্তু আর্জেন্টিনা ফাইনালে উঠলে ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য শিরোপা নির্ধারণী ম্যাচে তাকে দায়িত্ব দেওয়ার সম্ভাবনা থাকবে না। এর পেছনে রয়েছে চার দশকেরও বেশি সময় ধরে চলা রাজনৈতিক ইতিহাস।
১৯৮২ সালের ২ এপ্রিল দক্ষিণ আটলান্টিক মহাসাগরে যুক্তরাজ্যের নিয়ন্ত্রণে থাকা ফকল্যান্ড দ্বীপ দখল করে আর্জেন্টিনা। এরপর শুরু হয় ৭৪ দিনের ফকল্যান্ড যুদ্ধ। জুন মাসে আর্জেন্টিনার আত্মসমর্পণের মধ্য দিয়ে যুদ্ধের অবসান ঘটে। এই যুদ্ধে ৬৪৯ জন আর্জেন্টাইন, ২৫৫ জন ব্রিটিশ সেনাসদস্য এবং তিনজন ফকল্যান্ড দ্বীপবাসী নিহত হন। সেই সংঘাতের প্রভাব এখনো দুই দেশের সম্পর্কের ওপর রয়েছে।
কীভাবে নকআউট পর্বের রেফারি নির্বাচন করে ফিফা?
বিশ্বকাপের নকআউট পর্বে রেফারি নির্বাচন করা হয় প্রতিটি ম্যাচকে কেন্দ্র করে। এতে রেফারির পারফরম্যান্সের পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোর ভূরাজনৈতিক সম্পর্কও বিবেচনায় নেওয়া হয়। যেমন, ইংল্যান্ড বা নরওয়ের রেফারিদের আর্জেন্টিনা-সুইজারল্যান্ডের কোয়ার্টার ফাইনালে দায়িত্ব দেওয়া হয়নি। কারণ এই ম্যাচের বিজয়ীর সঙ্গে সেমিফাইনালে ইংল্যান্ড বা নরওয়ের দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে।
একই কারণে আর্জেন্টিনার রেফারি ফাকুন্দো তেলোকে শুধু অপর পাশের ব্র্যাকেটের কোয়ার্টার ফাইনালের জন্য বিবেচনায় রাখা হয়েছে। যেখানে রয়েছে ফ্রান্স, মরক্কো, স্পেন ও বেলজিয়াম।



