তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই থালাপতি বিজয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষা, অবকাঠামো ও জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।
প্রথম ভাষণে বিজয়ের অঙ্গীকার
রবিবার (১০ মে) দেওয়া প্রথম ভাষণে বিজয় বলেন, "আজ থেকে আমি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে শুরু করব। আমাদের দায়িত্ব আমাদের তরুণদের এ থেকে রক্ষা করা। একইভাবে আমি আইনশৃঙ্খলা নিশ্চিত করব এবং সবার নিরাপত্তা নিশ্চিত করব।"
অগ্রাধিকার ও দুর্নীতিবিরোধী নীতি
তিনি আরও বলেন, "কেউ আমাকে অপমান করলেও, তারা বন্ধু হোক বা শত্রু, এই ৮ কোটি মানুষই আমার আপন। আমার হৃদয় বলে যে শিক্ষা, সড়ক, পানীয় জল এবং অন্যান্য জরুরি পরিষেবায় আমাকে পূর্ণ মনোযোগ দিতে হবে।" দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে বিজয় বলেন, "আমি আগেও বলেছি, জনগণের অর্থের একটি পয়সাও আমি স্পর্শ করব না।" জনকল্যাণমূলক কাজে শিক্ষা, অবকাঠামো এবং মৌলিক চাহিদাকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দেবেন বলে জানান তিনি।



