বিজয়কে বলেছিলেন ‘আমি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হব’, বাবার গর্ব
বিজয়কে বলেছিলেন ‘আমি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হব’

ভারতের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপতির দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)। প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই এই সাফল্য রাজনৈতিক মহলে বড় চমক সৃষ্টি করেছে। উচ্ছ্বসিত তার পরিবারও।

বাবার গর্ব ও আত্মবিশ্বাস

বিজয়ের এই অর্জন নিয়ে ইতিমধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন তার বাবা, চলচ্চিত্র পরিচালক এস এ চন্দ্রশেখর। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রথমত, বাবা হিসেবে আমি খুবই গর্বিত ও আনন্দিত। কারণ গত দুই বছর ধরে আমি ও আমার স্ত্রী ওর মধ্যে অসাধারণ আত্মবিশ্বাস দেখেছি।’

চন্দ্রশেখর আরও জানান, তার ছেলে বিজয় তাকে বলেছিলেন, ‘আমি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হব।’ এই কথার সত্যতা প্রমাণিত হয়েছে এখন। তিনি আরও বলেন, ‘এই বিশ্বাসে এক শতাংশও সন্দেহ ছিল না ওর। এ কথা ও আগেই বলেছে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জোট ছাড়াই লড়াই, ঐতিহাসিক সাফল্য

চন্দ্রশেখর বলেন, ‘একজন নেতার জন্য এই সাহস—কোনো জোট ছাড়াই লড়াই করা—খুবই প্রশংসনীয়। এটা তামিলনাড়ু ও তার মানুষের জন্যও ভালো। আমি মনে করি, এটা ঐতিহাসিক সাফল্য।’ তিনি উল্লেখ করেন, পুরো প্রচারণাজুড়ে বিজয় অটল বিশ্বাস দেখিয়েছিলেন।

পরিবারের আনন্দ ও নিরাপত্তা জোরদার

ছেলের সাফল্যে তার মা শোভা চন্দ্রশেখরও আনন্দিত, বলে জানান এস এ চন্দ্রশেখর। বিজয়ের জয়ের খবরে তার বাড়িতে ভক্তদের ভিড় বাড়তে থাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে এলাকায়।

এই রাজনৈতিক উত্তেজনার মধ্যেই অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে দেখা গেছে বিজয়ের বাড়িতে। দীর্ঘদিনের সহ-অভিনেত্রী ও ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তার উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এদিকে বিজয়ের সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন তামিল তারকা নানি, ভেঙ্কট প্রভুসহ অনেকে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ