নাহিদ ইসলাম: জুলাইয়ের আত্মত্যাগ লুটপাটের জন্য নয়, রাষ্ট্র সংস্কারই লক্ষ্য
নাহিদ ইসলাম: জুলাইয়ের আত্মত্যাগ লুটপাটের জন্য নয়

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘এক দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলের লুটপাটের জন্য বাংলাদেশের ছাত্র-জনতা রক্ত দেয়নি। জুলাই গণ-অভ্যুত্থানের লক্ষ্য ছিল রাষ্ট্রের পরিবর্তন ও সংস্কার। যদি আগের মতো লুটপাট, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসনই চলতে থাকে, তাহলে জুলাইয়ের আত্মত্যাগের মূল্য কোথায়?’

পথসভায় নাহিদ ইসলামের বক্তব্য

আজ মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর পৌরসভার তালতলা চত্বরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে বিকেলে পৌর শহরের পিচের মাথা থেকে পদযাত্রা শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তালতলা চত্বরে এসে পথসভায় মিলিত হয়।

উপজেলা এনসিপির আহ্বায়ক ফরিদ শিকদার ওরফে জিয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, দলের উপজেলা সদস্যসচিব মাওলানা আনসার আলী।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সংস্কারের পক্ষে গণভোটের রায়

নাহিদ ইসলাম বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে গণভোটে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দিয়েছেন। কিন্তু সরকার সেই গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে প্রতারণা করছে। তিনি পাঁচ দফা দাবি তুলে ধরে বলেন, গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র সংস্কার, তরুণদের কর্মসংস্থান, বিদ্যুৎ-সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিশ্চিত করতে হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গণতান্ত্রিক অধিকার ও সংস্কার

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে, মতপ্রকাশের স্বাধীনতা থাকবে। আমরা চাই পুলিশের সংস্কার হোক, প্রশাসন দলীয় প্রভাবমুক্ত হোক এবং মানুষ আদালতে ন্যায়বিচার পাক।’ তিনি আরও বলেন, ‘গতকাল সাভারে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ককটেল ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে পদযাত্রা ঠেকানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু সখীপুরের মানুষ যে গণজোয়ার সৃষ্টি করেছেন, তাতে সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। এ জন্য সখীপুরবাসীর প্রতি আমরা কৃতজ্ঞ।’

একদলীয় শাসনের বিরুদ্ধে সতর্কতা

বক্তব্যের এক পর্যায়ে নাহিদ ইসলাম বলেন, ‘বিগত দিনে একটি দলের শাসনে বিরোধী মত দমন করা হয়েছে। আমরা আবারও বাংলাদেশকে একদলীয় শাসনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা দেখতে পাচ্ছি। সংসদে আমাদের কথা বলতে দেওয়া হয় না। দেশ আবারও একদলীয় শাসনের পথে গেলে বর্তমান সরকারকেও আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে।’

পথসভায় বক্তারা জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা, সুশাসন, জবাবদিহি, রাজনৈতিক সংস্কার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সাভারে বিস্ফোরণের ঘটনা

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা ২০২৬’ আয়োজন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (৬ জুলাই) গাজীপুরের কালীগঞ্জ থেকে এই পদযাত্রা কর্মসূচি শুরু হয়। পদযাত্রা শেষে রাতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার দিবাগত রাতে এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্যসচিব মো. সালামত উল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। এজাহারে বিস্ফোরণের পেছনে কোনো নিষিদ্ধ গোষ্ঠীর সংঘবদ্ধ সংশ্লিষ্টতা থাকতে পারে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই নেতা-কর্মীকে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়েছে।