১০ জুলাই ২০২৬: ইতিহাসের পাতায় আজকের দিন
প্রবাদে বলা হয়, ‘সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না।’ সময়ের প্রবাহে প্রতিটি দিনই পরিণত হয় ইতিহাসের অংশে। আজকের বর্তমানই আগামী দিনের অতীত, আর সেই অতীতের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোই স্থান পায় ইতিহাসের পাতায়। আজ ১০ জুলাই ২০২৬, শুক্রবার। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন একনজরে জেনে নেয়া যাক, ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
৮৭৪ সালে নরওয়ের জেলেরা উত্তর আটলান্টিক মহাসাগরের দ্বীপদেশ আইসল্যান্ড আবিষ্কার করে। ১৫২০ সালে রাজা পঞ্চম চার্লস ও রাজা অষ্টম হেনরি শান্তিচুক্তি সম্পাদন করেন। ১৫২৬ সালে পানিপথের যুদ্ধে জয়লাভ করে মোগল সম্রাট বাবর আগ্রায় পদার্পণ করেন। ১৫৫৩ সালে লেডি জেন গ্রে ইংল্যান্ডের রানি হন। ১৭৪১ সালে ডেনমার্কের নাগরিক ভিতুস ব্রিংক আলাস্কা ভূখণ্ড আবিষ্কার করেন।
১৮৪২ সালে নোটারি স্ট্যাম্প আইন পাস হয়। ১৮৫৪ সালে স্যার চার্লস উডের বিখ্যাত ডেসপ্যাচ প্রকাশিত হয়। ১৮৫৭ সালে মিরাটে সিপাহি বিদ্রোহের সূত্রপাত। ১৮৭১ সালে কলকাতা ও অন্যান্য পৌরসভার রাস্তাঘাট তৈরি ও রক্ষার খরচ নির্বাহের জন্য নীতিনির্ধারক আইন চালু হয়। ১৯০০ সালে অস্ট্রেলিয়ায় সংবিধান গৃহীত হয়। ১৯২১ সালে মঙ্গোলিয়া নিজেকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে।
১৯৪০ সালে দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালে মার্শাল হেনরি পেটেইন ফ্রান্সের শাসনভার গ্রহণ করেন। ১৯৪২ সালে দুরারোগ্য ব্যাধিতে কাজী নজরুল ইসলাম চিরতরে স্তব্ধ হয়ে যান। ১৯৪৬ সালে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৯৫৭ সালে ড. হীরালাল চৌধুরীর গবেষণায় ভারতে মাছ চাষে প্রণোদিত প্রজনন পদ্ধতি উদ্ভাবিত হয়। ১৯৬২ সালে যোগাযোগ উপগ্রহ ‘টেলিস্টার’ মহাশূন্যে উৎক্ষেপণ করা হয়। ১৯৬৬ সালে মহাকাশযান জেমিনি ১০ উৎক্ষেপণ করা হয়। ১৯৬৮ সালে আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান্টাক্লারাতে ইন্টেল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়।
১৯৭৩ সালে ৩০০ বছর ব্রিটিশ শাসনাধীন থাকার পর বাহামাস দ্বীপপুঞ্জ স্বাধীনতা লাভ করে। ১৯৭৬ সালে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের ইতিহাসে রুমানিয়ার জিমন্যাস্ট নাদিয়া কোমিনিচি প্রথমবারের মতো পারফেক্ট ১০ স্কোর করেন। ১৯৮৯ সালে বাংলাদেশের জাতীয় সংসদে সংবিধানের ৯ম সংশোধনী পাস হয়। ১৯৯১ সালে বরিস ইয়েলৎসিন রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। ১৯৯২ সালে হানা সচুকা পোল্যান্ডের প্রথম মহিলা সরকার প্রধান নির্বাচিত হন।
জন্ম
১৪৫২ সালে স্কটল্যান্ডের রাজা তৃতীয় জেমস জন্মগ্রহণ করেন। ১৮৩৪ সালে চেক সাহিত্য সমালোচক, কবি ও গল্পকার ইয়ান নেরুদা জন্মগ্রহণ করেন। ১৮৫৬ সালে বিখ্যাত সার্বীয়-মার্কিন আবিষ্কারক, পদার্থবিজ্ঞানী ও প্রকৌশলী নিকোলা টেসলা জন্মগ্রহণ করেন। ১৮৭১ সালে ফরাসি বুদ্ধিজীবী, ঔপন্যাসিক, প্রবন্ধকার ও সমালোচক মার্সেল প্রুস্ত্ জন্মগ্রহণ করেন। ১৮৮৩ সালে বাঙালি শিল্পোদ্যোগী ও সাহিত্যিক মন্মথনাথ ঘোষ (বিদ্যাবিনোদ) জন্মগ্রহণ করেন। ১৮৮৫ সালে বাংলাদেশি বহুভাষাবিদ, ভাষাবিজ্ঞানী ও বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ জন্মগ্রহণ করেন। ১৮৯৩ সালে বাংলার প্রখ্যাত গণিতজ্ঞ ও গণিতের সর্বাধিক প্রচলিত পাঠ্যপুস্তক রচয়িতা কেশবচন্দ্র নাগ জন্মগ্রহণ করেন।
১৯০২ সালে নোবেলজয়ী জার্মান রসায়নবিদ কুট আলডার জন্মগ্রহণ করেন। ১৯১৩ সালে বিশিষ্ট বাঙালি চিত্রশিল্পী রথীন মৈত্র জন্মগ্রহণ করেন। ১৯১৮ সালে প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী ও ‘দক্ষিনী’ প্রতিষ্ঠাতা শুভ গুহঠাকুরতা জন্মগ্রহণ করেন। ১৯২৫ সালে মালয়েশীয় রাজনীতিবিদ ও মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদ জন্মগ্রহণ করেন। ১৯২৮ সালে পাকিস্তানি সাংবাদিক ও 'দ্যা রেইপ অব বাংলাদেশ' খ্যাত লেখক অ্যান্থনি মাসকারেনহাস জন্মগ্রহণ করেন। ১৯৩১ সালে ভারতের বাঙালি লেখক ও ক্রীড়া সাংবাদিক মতি নন্দী জন্মগ্রহণ করেন। ১৯৪৬ সালে মার্কিন অভিনেত্রী সু লিয়ন জন্মগ্রহণ করেন। ১৯৪৯ সালে ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেট খেলোয়াড়, অধিনায়ক ও প্রথিতযশা ব্যাটসম্যান সুনীল গাভাস্কার জন্মগ্রহণ করেন। ১৯৫০ সালে পাতিয়ালা ঘরানার অসমীয়া হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত গায়িকা পারভিন সুলতানা জন্মগ্রহণ করেন। ১৯৬৮ সালে মার্কিন অভিনেতা জনাথন গিলবার্ট এবং ১৯৮০ সালে মার্কিন অভিনেত্রী জেসিকা সিম্পসন জন্মগ্রহণ করেন।
মৃত্যু
১৮১৭ সালে ইংরেজ ঔপন্যাসিক জেন অস্টেন মৃত্যুবরণ করেন। ১৮৯৩ সালে শিক্ষানুরাগী ও সমাজসেবক নওয়াব আব্দুল লতিফ মৃত্যুবরণ করেন। ১৯৭৭ সালে প্রখ্যাত বাঙালি চিত্রশিল্পী অতুল বসু প্রয়াত হন। ২০০১ সালে বাংলাদেশের জাতীয় সংসদের স্পীকার ও কূটনীতিবিদ হুমায়ূন রশীদ চৌধুরি মৃত্যুবরণ করেন। ২০১৪ সালে ভারতীয় অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক জোহরা সেহগল মৃত্যুবরণ করেন।



