জাতীয় সংসদে প্রবেশের পর মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতি ইসলামের দৃষ্টিতে সাংঘর্ষিক এবং এটি শিরকের পর্যায়ে চলে যায় বলে মন্তব্য করেছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মো. মুজিবুর রহমান। মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই প্রস্তাবনা তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
মুজিবুর রহমানের বক্তব্য
মো. মুজিবুর রহমান বলেন, “কার্যপ্রণালি বিধিতে শিরককে উৎখাত করার জন্য যে বিধি করা হয়েছে, আমার মনে হয় সেটা সবার মেনে চলা উচিত। এতে নেকি হবে এবং গুনাহ থেকে বাঁচা যাবে।” তিনি উল্লেখ করেন, সংসদে ঢোকার পর মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের বিষয়টি ইসলামের সাথে সাংঘর্ষিক এবং এটি শিরকের কাছাকাছি চলে যায়। এই কারণে বিগত আলোচনায় এটি সংশোধন করে বাদ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
স্পিকারের উদ্দেশে অনুরোধ
স্পিকারের উদ্দেশে তিনি বলেন, “আমি মাঝে মাঝে খেয়াল করি সুন্দরভাবে আপনি সালাম দেন, আমরাও জবাবে সালাম দিই। কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা যায় এরকম করে একটু ওই আগের ঝুঁকুনিটা এখনও আছে। আপনারাও আছেন, মাননীয় ডেপুটি স্পিকারও আছে।” তিনি অনুরোধ করেন কার্যপ্রণালি বিধিতে শিরক উৎখাতের জন্য নির্ধারিত নিয়ম সবাই মেনে চলুন, যাতে নেকি অর্জন ও গুনাহ থেকে বাঁচা যায়।
স্পিকারের জবাব
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এ বিষয়ে বলেন, “আমি রুলস অব প্রসিডিউর দেখলাম। তারপর এই বিষয়ে— এটা যার যার ব্যক্তিগত বিষয়, কেউ সালাম দেবেন, কেউ ইয়ে করবে। সারা পৃথিবীতে আছে। তাও আমি দেখবো যে বিগত সংসদে এটা বাতিল করা হয়েছে কিনা? এটা দেখে পরে আমি জানাবো।”



