ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। নির্বাচন কমিশন সচিবসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতের আদেশ
মনিরা শারমিনের রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার (৬ মে) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান, অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন প্রমুখ।
পূর্বের শুনানি
এর আগে গত ৪ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের বৈধতা নিয়ে রিট শুনতে অপারগতা প্রকাশ করেন হাইকোর্টের আরেকটি বেঞ্চ। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি শুনতে অপারগতা প্রকাশ করেন।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখে নির্বাচন কমিশন (ইসি)। পরে সে সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়।
শপথ গ্রহণ
এদিকে, আজ নুসরাত তাবাসসুমকে শপথ পাঠ করানো হয়েছে। এর মাধ্যমে সংরক্ষিত ৫০ এমপিকে শপথ পড়ানো হলো।



