ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়েছে। বৃহস্পতিবার (৩১ এপ্রিল) রাতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীরবিক্রম, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ঘোষণা পাঠের মাধ্যমে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। এই অধিবেশনে মোট বৈঠক দিবস ছিল ২৫টি, অধ্যাদেশ ছিল ১৩৩টি এবং অধ্যাদেশগুলোর বিপরীতে বিল পাশ হয়েছে ৯১টি। গতকাল দুটি বিলসহ মোট ৯৪টি বিল পাশ হয়েছে। আইন প্রণয়ন কার্যাবলী ছাড়াও পাঁচটি স্থায়ী কমিটি ও দুটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
ফাহামের অভিজ্ঞতা
লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম সংসদ নিয়ে নিজের অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘এ রকম প্রাণবন্ত সংসদ আমরা গত ১৭ বছর দেখি নাই।’ বৃহস্পতিবার (৩১ এপ্রিল) ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, ‘বাংলাদেশের এ সংসদে স্পিকারের ভূমিকা চমৎকার। পার্লামেন্ট মেম্বাররা দুই দিকেই খুবই সভ্য আচরণ করছেন। আজকে নাহিদের বক্তৃতা শুনে মন ভালো হয়ে গেছে। আমাদের এই তরুণ ছেলেরা সংসদে চমৎকার বলছে। গতকাল তারেক রহমান সাহেব বিরোধী দলের একজন নেতা অসুস্থ হলে দেখার জন্য ছুটে গেছেন। জুলাই গণঅভ্যুত্থানের এটি সবচেয়ে বড় পাওয়া যে সংসদ গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে।’
সংসদ সদস্যদের প্রতি ধন্যবাদ
ফাহাম সব সংসদ সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, ‘তারা সিভিলাইজড আচরণ করছেন। এ রকম সভ্য আচরণই আমরা আপনাদের কাছে দেখতে চাই। মানুষ শুধুমাত্র সিভিলাইজড আচরণ করলেই অনেক কিছু অর্জন করা যায়। বিরোধী দলগুলোকেও বিশেষ ধন্যবাদ যে তারা সংসদে অংশগ্রহণ করছেন। এ ব্যাপারটা তুচ্ছ নয়। আপনাদেরকে অভিবাদন।’



