গণমাধ্যম স্বাধীনতা সূচকে তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ
গণমাধ্যম স্বাধীনতা সূচকে তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ

বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) প্রকাশিত ২০২৬ সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান ১৮০টি দেশের মধ্যে এখন ১৫২তম। গত বছর এ তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৪৯।

শ্রেণিবিন্যাসে অবনতি

স্কোরের ভিত্তিতে দেশগুলোকে ‘ভালো’ থেকে ‘খুবই গুরুতর’ শ্রেণিতে ভাগ করা হয়। বাংলাদেশ এবার ‘খুবই গুরুতর’ শ্রেণিতে অন্তর্ভুক্ত হয়েছে। গত বছরের সূচকে বাংলাদেশ ১৬ ধাপ এগিয়েছিল।

মানদণ্ড ও মূল কারণ

আরএসএফের সূচকে একটি দেশের গণমাধ্যমের স্বাধীনতা নির্ধারণে পাঁচটি মানদণ্ড- রাজনৈতিক প্রেক্ষাপট, আইনি কাঠামো, অর্থনৈতিক চাপ, সামাজিক গতিশীলতা ও নিরাপত্তা বিশ্লেষণ করা হয়। বাংলাদেশের অবনতির প্রধান কারণ ‘রাজনৈতিক প্রেক্ষাপট’ স্কোর ব্যাপকভাবে কমে যাওয়া। এক্ষেত্রে মূলত গণমাধ্যমের স্বায়ত্তশাসনের প্রতি রাজনৈতিক সমর্থন, রাষ্ট্র বা রাজনৈতিক শক্তির চাপ ও ভিন্নমতের সাংবাদিকতাকে সহ্য করার ক্ষমতা পরিমাপ করে নির্ধারণ করা হয়। এছাড়া জনস্বার্থে রাজনীতিবিদদের জবাবদিহিতার আওতায় আনার ক্ষেত্রে গণমাধ্যম কতটা সমর্থন পায়, তাও এখানে যাচাই করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিবেশী দেশের তুলনায় অবস্থান

এবারের সূচকে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে ১ ও ভারতের চেয়ে ৫ ধাপ এগিয়ে আছে। যদিও প্রতিবেশী অনেক দেশের তুলনায় বাংলাদেশ পিছিয়ে। নেপাল বাংলাদেশের চেয়ে ৬৫ ধাপ এগিয়ে, শ্রীলঙ্কা ১৮ ধাপ ও ভুটান ২ ধাপ এগিয়ে।

প্রশান্ত-মহাসাগরীয় অঞ্চলে দমন

প্রশান্ত-মহাসাগরীয় অঞ্চল সম্পর্কে আরএসএফ বলেছে, এ অঞ্চলে দমন-পীড়ন বেশি এবং এখানে পরিস্থিতির ক্রমাগত অবনতি ঘটছে। কাগজে-কলমে সব দেশ সংবাদপত্রের স্বাধীনতার কথা বললেও বাস্তবে তার লঙ্ঘন ঘটছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বৈশ্বিক চিত্র

এবারের সূচকে মাত্র সাতটি দেশ ‘ভালো’ শ্রেণিতে অন্তর্ভুক্ত হয়েছে, যার মধ্যে রয়েছে নরওয়েসহ উত্তর ইউরোপের দেশগুলো। অন্যদিকে ২০২৪ সালে ডোনাল্ড ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার বছর যুক্তরাষ্ট্রের অবস্থান ‘মোটামুটি ভালো’ থেকে ‘সমস্যাপূর্ণ’ পর্যায়ে নেমে গিয়েছিল। এ বছর দেশটি আরো সাত ধাপ পিছিয়ে ৬৪তম স্থানে রয়েছে।

সংস্থাটির বিশ্লেষণ অনুযায়ী, বিশ্বের ১০০টি দেশ ও অঞ্চলে সাংবাদিকতার পরিবেশের আশঙ্কাজনক অবনতি ঘটেছে। আরএসএফ বলছে, ১৮০টি দেশের মধ্যে ১০০টি দেশেই সংবাদপত্রের স্বাধীনতার স্কোর কমেছে। সূচক অনুযায়ী, গত ২৫ বছরের মধ্যে ১৮০টি দেশের গড় স্কোর কখনোই এত নিচে নামেনি।