লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। আগামী এক মাস মাদক ও জুয়া মামলায় গ্রেফতার হওয়া কোনো আসামির পক্ষে আদালতে জামিন আবেদন বা আইনি সহায়তা প্রদান করবেন না জেলার আইনজীবীরা।
সংবাদ সম্মেলনে সিদ্ধান্ত ঘোষণা
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা এ সিদ্ধান্তের কথা জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ঘোষিত 'আলোকিত লালমনিরহাট' কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাদক ও জুয়ার বিস্তার রোধ এবং যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষায় সামাজিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হলো।
আইনজীবী নেতাদের বক্তব্য
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কে. এম. হুমায়ুন কবীর স্বপন বলেন, "মাদক ও জুয়া শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এ অবস্থায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবী সমাজও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।"
সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম রফিক বলেন, "এটি একটি সামাজিক বার্তা। মাদক ও জুয়ার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রয়োজনে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।"
আলোকিত লালমনিরহাট কর্মসূচির সমর্থন
উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক সংগঠনের উদ্যোগে গত ৪ জুলাই থেকে জেলায় মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুকসহ চারটি সামাজিক অপরাধের বিরুদ্ধে সচেতনতামূলক ও প্রতিরোধমূলক আন্দোলন শুরু হয়েছে। সেই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি এ কর্মসূচি ঘোষণা করে।



