ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ৫ জুলাই দিন ধার্য করেছেন আদালত। সোমবার (১১ মে) সকালে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজের আদালতে মামলাটির অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের আইনজীবী ঢাকা বার অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া, মো. বোরহান উদ্দিনসহ অন্যরা শুনানির তারিখ পেছানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী ৫ জুলাই পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন।
দুদকের আইনজীবীর বক্তব্য
দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানি পেছিয়ে দিয়েছেন।
মামলার বিবরণ
২০২৪ সালের ১৫ ডিসেম্বর মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় মতিউরের বিরুদ্ধে ৫ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। পরে এ মামলার অভিযোগপত্র অনুমোদন দেয় দুদক।
গ্রেপ্তার ও কারাভোগ
২০২৫ সালের ১৪ জানুয়ারি গোয়েন্দা (ডিবি) পুলিশ মতিউরকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে আছেন।
ছাগলকাণ্ডের সূত্রপাত
২০২৪ সালে কোরবানির ঈদ উপলক্ষে ঢাকার মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে ইফাত নামের এক তরুণের ১৫ লাখ টাকা দামের ছাগল কেনার ফেসবুক পোস্ট ঘিরে মতিউর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনাই পরে দুদকের তদন্ত ও মামলার পথ তৈরি করে।



