ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ বুধবার জেলা প্রশাসক সম্মেলনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত অধিবেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, জমা দিতে বলার পরও প্রায় ১০ হাজার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র জমা দেওয়া হয়নি। এই অস্ত্র উদ্ধার ও বাজেয়াপ্ত করতে এবং মামলা করার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য
চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন আজ বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত অধিবেশন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় লাইসেন্সভুক্ত অস্ত্র ফেরত দেওয়ার জন্য একটি চিঠি দেওয়া হয়েছিল মাঠপর্যায়ে। তাতে দেখা গেছে, ১০ হাজারের মতো লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র জমা দেওয়া হয়নি। সেই অস্ত্রগুলো উদ্ধারের জন্য এবং উদ্ধার করে সেগুলো বাজেয়াপ্ত করার জন্য, মামলা করার জন্য আবারও তাদের (ডিসি) অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, আইনানুগভাবে কতটা অগ্রগতি অর্জন হয়েছে বা যেগুলো এখন পর্যন্ত উদ্ধার করা হয়নি, বাজেয়াপ্ত করা হয়নি, সে বিষয়ে তাঁদের (ডিসি) তৎপর হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
অস্ত্র লাইসেন্স যাচাই
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত রাজনৈতিক বিবেচনায় ও নীতিবহির্ভূতভাবে যেসব অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল, সেগুলো যাচাই–বাছাই করার জন্য জেলা পর্যায়ে কমিটি করে দেওয়া হয়েছিল। এই কমিটি কাজ করছে এবং অস্ত্র উদ্ধারে জেলা প্রশাসকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়েছে।



