মাসুদ উদ্দিন চৌধুরীকে আবারও চার দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ
মাসুদ উদ্দিন চৌধুরীকে আবারও রিমান্ডে পাঠানোর আদেশ

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর মডেল থানায় দেলোয়ার হোসেন হত্যা মামলায় ‘এক-এগারোর’ আলোচিত লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আবারও চার দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আদালতের আদেশ

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত এই আদেশ দেন। তৃতীয় দফায় এই মামলায় ১১ দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে পুনরায় চার দিনের রিমান্ড চান তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন।

রিমান্ডের যুক্তি

রিমান্ড আবেদনে বলা হয়, আসামিকে ঘটনার বিষয়ে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এতে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা মামলার তদন্তে সহায়ক হচ্ছে। তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে। এ অবস্থায়, আসামির দেওয়া তথ্যগুলো যাচাইয়ের জন্য জেনারেল মাসুদ উদ্দিনকে পুনরায় চার দিনের পুলিশ রিমান্ডে নেওয়া একান্ত প্রয়োজন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনজীবীদের বক্তব্য

আজ আদালতে আসামিপক্ষের আইনজীবী তৌহিদুল ইসলাম সজীব রিমান্ড বাতিলের আবেদন করে শুনানি করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ আবেদনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মামলার অভিযোগ

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলার ঘটনা ঘটে। এ সময় আসামিরা বিভিন্ন দিক থেকে গুলি ছোড়ে। এতে আন্দোলনে অংশ নেওয়া দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

চিকিৎসা ও মৃত্যু

প্রথমে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়, পরে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই বছরের ২১ জুলাই সকাল ৭টা ৪০ মিনিটে তিনি মারা যান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলা দায়ের

এ ঘটনায় ২০২৫ সালের ৬ জুলাই নিহত দেলোয়ার হোসেনের স্ত্রী মোছা. লিজা বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

পূর্বের রিমান্ড

উল্লেখ্য, গত ২৩ মার্চ দিবাগত রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরদিন আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর একাধিক মামলায় তাকে কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়।