বন্দর সাবেক চেয়ারম্যান সোহায়েলের বিরুদ্ধে গুম মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে সময় বাড়ল
বন্দর সাবেক চেয়ারম্যান সোহায়েলের গুম মামলায় সময় বাড়ল

আওয়ামী লীগের শাসনামলে ছাত্রশিবিরের এক নেতাকে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে আরও তিন মাস সময় দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিবেদন জমার জন্য আগামী ৭ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

শুনানি ও আবেদন

ট্রাইব্যুনালে শুনানি করেন প্রসিকিউটর শাইখ মাহদী। তিনি মামলার অগ্রগতি তুলে ধরে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও তিন মাস সময় চান। পরে আবেদনটি মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলার বিবরণ

এ মামলায় মোহাম্মদ সোহায়েলকে একমাত্র আসামি করা হয়েছে। গুমের ঘটনার সময় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখায় পরিচালকের দায়িত্বে ছিলেন তিনি। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১২ সালে ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের তৎকালীন নেতা গোলাম মোর্তোজাকে তুলে নিয়ে যান র‌্যাব সদস্যরা। পরে তাকে ৪৭ দিন পর্যন্ত আয়নাঘরে বন্দি রাখা হয়। সোহায়েলের নির্দেশে তাকে গুম করা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সোহায়েলকে নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ