মিরসরাইয়ে মাদক সেবনে বাধা দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার
মিরসরাইয়ে বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার

মিরসরাইয়ে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ইব্রাহীম হোসেন মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) রাতে জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর বিশ্বটিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আহমদ ডিলার (৭০)। তিনি ওই এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বক্তব্য

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ইব্রাহীম মাদকাসক্ত এবং নারী পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। পরিবারের সদস্যদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দিন দিন বেপরোয়া হয়ে ওঠে সে। শুক্রবার রাতে বাড়িতে মাদক সেবনে বাধা দিলে বাবা আহমদ ডিলারের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে মিলন।

হত্যাকাণ্ডের বিবরণ

অভিযোগ রয়েছে, এ সময় ছেলে তার বাবাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে এবং অণ্ডকোষসহ শরীরের বিভিন্ন স্থানে কিল ঘুষি মারলে ঘটনাস্থলেই মারা যান আহমদ ডিলার। খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে রাত ১০টায় অভিযুক্ত মিলনকে গ্রেফতার করে পুলিশ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল হালিম জানান, বাবাকে পিটিয়ে হত্যার ঘটনায় ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ