আবু সাঈদের বুক চীনের প্রাচীরের মতো: রিজভী
আবু সাঈদের বুক চীনের প্রাচীরের মতো: রিজভী

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে ১ জুলাইয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

শহীদদের প্রতি শ্রদ্ধা ও আবেগঘন ভাষণ

অনুষ্ঠানে রিজভী বলেন, ‘অভূতপূর্ব এ আন্দোলন, উদ্দীপ্ত এ আন্দোলন! আমি চীনের প্রাচীর দেখিনি, আমি আবু সাঈদের বুক দেখেছি। চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে থেকে কী করে গুলি খায়, সেই দৃশ্য আমি দেখেছি। আমি হিমালয় দেখিনি, আমি চট্টগ্রামের ওয়াসিম আকরামকে হিমালয়ের মতো দাঁড়িয়ে থেকে কী করে তপ্ত বুলেটকে নিজের বুকে বরণ করতে হয়, সেটি দেখেছি। আমি প্রশান্ত মহাসাগর দেখিনি, কিন্তু আহনাফের মায়ের চোখের জল দেখে প্রশান্ত মহাসাগরের কথা মনে পড়েছে।’

তিনি আরও বলেন, ‘জুলাইয়ের শহীদদের স্মৃতি আমাদের প্রজ্বলিত করবে, প্রেরণায় উদ্দীপ্ত করবে অন্যায়ের বিরুদ্ধে, আবার কোনো নতুন সংগ্রামে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে। ছাত্রদল শুধু জুলাই-আগস্টে গণতন্ত্রের সংগ্রাম করেনি, তারা দীর্ঘ ১৭ বছর লড়াই-সংগ্রাম করেছে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফ্যাসিস্টের অবশিষ্টাংশ ও সতর্কতা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, ‘ফ্যাসিস্ট পরাজিত হয়েছে বটে। কিন্তু তার ভগ্নাংশ, অবশিষ্টাংশ এখনো রয়েছে নানা জায়গায়। তারা দেশের টাকা চুরি করেছে, তারা পদ্মা সেতু, মেট্রোরেল, ফ্লাইওভারের টাকা চুরি করেছে। ওই টাকা তো শেষ হয়ে যায়নি, এখনো আছে। তারা গ্রামগঞ্জ, তৃণমূল থেকে প্রতিটি জায়গায় সন্ত্রাস ও রক্তের হোলি খেলা খেলতে পারে। তার বিভিন্ন আলামত বিভিন্ন সময় দেখা যাচ্ছে। তাই জাগ্রত তরুণ ও ছাত্রসমাজকে আরও লড়াই-সংগ্রাম ও উদ্দীপ্ত পথচলা মিছিলের জন্য প্রস্তুত থাকতে হবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শ্রদ্ধা নিবেদন ও অনুষ্ঠানের আয়োজন

অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বালন করে জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতা-কর্মী এতে অংশ নেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।