মন্ত্রীর পদ থেকে পদত্যাগের এক মাস পর রাঙামাটিতে ফিরে দলীয় নেতাকর্মীদের অভ্যর্থনায় পেয়েছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। বুধবার (১ জুলাই) বিকালে ঢাকা থেকে সড়ক পথে রাঙামাটির প্রবেশদ্বার কাউখালীর বেতবুনিয়ার গোদারপাড় ও ঘাগড়ায় দুপুরে হাজারো নেতাকর্মী ফুলেল অভ্যর্থনা জানান তাকে।
দলীয় কার্যালয়ের সামনে বক্তব্য
রাঙামাটি শহরের কাঁঠালতলীয় দলীয় কার্যালয়ের সামনে বক্তব্য দেন তিনি। এ সময় তিনি বলেন, 'আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, আমি এখনও সংসদ সদস্য আছি। বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে এবং হচ্ছে, আমি এখন তা বরদাশত করবো না।'
নির্বাচনি এলাকায় ফিরে
গত ১ জুন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ ছাড়ার ঠিক এক মাস পর নিজের নির্বাচনি এলাকায় এসেছেন দীপেন দেওয়ান। তিনি আরও বলেন, 'বিএনপি আমার প্রথম ও শেষ ঠিকানা। তৃণমূলের নেতাকর্মীরা আজ আমাকে যে অনুপ্রেরণা দিয়েছে, এই ঋণ আমি কখনও শোধ করতে পারবো না। আমি সবসময় তৃণমূলের ভাইদের সঙ্গেই থাকবো।'
পাহাড়ি-বাঙালি ঐক্যের আহ্বান
রাঙামাটির এমপি বলেন, 'পাহাড়ি-বাঙালি ভাই ভাই, আমরা সবাই একসঙ্গে থাকতে চাই। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকবো, যাতে আমাদের মধ্যে কেউ বিভেদ সৃষ্টি করতে না পারে।'
তারেক রহমানের প্রতি সমর্থন
দলের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, 'তারেক রহমান আমাদের প্রিয় দলের নেতা। আমাদের সম্মানিত চেয়ারম্যান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। ওনার বাইরে আমরা কোনও কিছু করবো না। ওনার আদেশ হচ্ছে সর্বশেষ আদেশ।'
এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন- রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, রাঙামাটি পৌর সভার সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো প্রমুখ।



