মাদক সেবনের ভিডিও ফাঁস, বিএনপি নেতাকে শোকজ ও তদন্ত কমিটি গঠন
মাদক সেবনের ভিডিও ফাঁস, বিএনপি নেতাকে শোকজ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর ইসলামের ‘মাদক সেবনের’ একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার ঘটনায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে উপজেলা বিএনপি।

শোকজ ও তদন্ত কমিটি

গতকাল মঙ্গলবার রাতে আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল ও সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহমেদ রানার সই করা পৃথক চিঠিতে শোকজ ও তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

শোকজ নোটিশে বলা হয়েছে, গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর ইসলামের নেশাজাতীয় দ্রব্য সেবনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে, যা উপজেলা বিএনপির নজরে এসেছে। এ ধরনের কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক নীতি ও সামাজিক আচরণের পরিপন্থী। কেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—এ বিষয়ে সাত কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। এ ছাড়া তদন্ত কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাইদুর ইসলামের বক্তব্য

সাইদুর ইসলামের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তিনি সাংবাদিকদের বলেছিলেন, তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। রাজনৈতিক প্রতিপক্ষ পরিকল্পিতভাবে তাঁকে গোপীনাথপুর হাটের ইজারাদারের কার্যালয়ে নিয়ে গিয়ে ইয়াবা সেবন করিয়ে ভিডিও ধারণ করেছে।

উপজেলা বিএনপির অবস্থান

আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল বলেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ওই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ