কুমিল্লায় মুচলেকা দিয়ে থানা থেকে ছাড়া পান বিএনপি নেতা রেজাউল কাইয়ুম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) সাইফুল মালিক ওই বিএনপি নেতার কাছ থেকে মুচলেকা নেন। জিজ্ঞাসাবাদ শেষে রোববার রাত ১২টায় আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার।
এদিকে বিএনপি নেতার আটক নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সোমবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাসস্ট্যান্ডের ছোট বড় যানবাহনের ইজারা নিয়ে একটা ঘটনা হয়েছে। আমি বিষয়টি শুনেছি এবং এ বিষয়ে একজনকে আটক করা হয়েছিল। পরে বন্ড নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়টা ছিল সম্ভবত একটা বাসস্ট্যান্ডের। বিভিন্ন রকমের ছোট বড় যানবাহনের ইজারার যে টাকা নির্ধারণ করা হয়েছে তার থেকেও সম্ভবত বেশি টাকা নিয়েছিলেন। জনগণের কমপ্লেইনের ভিত্তিতে তাকে থানায় ডাকা হয় এবং বন্ড নেওয়া হয়। এরপর টার্মিনালে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়। কোন যানবাহনের জন্য কত ফি সেটা টানিয়ে দেওয়া হয়। তারপর জনগণের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে তাকে ছেড়ে দেওয়া হয়।


