পাবনার চাটমোহর উপজেলায় একটি সরকারি পুকুরের ইজারা ও দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের তালিকা
আহতরা হলেন, মহেলা গ্রামের আ. রশিদ (৪৫), আ. ছাত্তার (৬৫), আফজাল হোসেন (৬০), হাসিনুর রহমান হাসু (৪০), মেহেদী হাসান সাগর (২৪) ও মাহফুজুর রহমান (২৫)।
ঘটনার বিবরণ
জানা গেছে, মহেলা গ্রামের একটি সরকারি পুকুর তিন বছরের জন্য ইজারা নেয় হাসিনুর রহমান হাসু। ইজারা নেওয়ার পর বড়গুয়াখড়া গ্রামের মাসুম-ফারুক গং চুক্তিনামার মাধ্যমে হাসুর কাছ থেকে অংশীদার হয়। হাসু নিজেই পুকুরে মাছ চাষের সিদ্ধান্ত নেন এবং অংশীদারদের টাকা দেওয়ার কথা বলেন। এনিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। পরে বিএনপি নেতারা বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। গত মঙ্গলবার এই বিষয় নিয়ে বৈঠক বসে মাসুম-ফারুক গং কে ৭৫ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। তখন উভয় পক্ষ সিদ্ধান্ত মনলেও গতকাল বুধবার সকালে মাসুম-ফারুক গং পুকুরে মাছ ছাড়তে যায়। এসময় হাসু গং বাধা দেয়। এনিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পক্ষগুলোর বক্তব্য
হাসিনুর রহমান হাসু অভিযোগ করে বলেন, মাসুম-ফারুক গং পুকুর দখল করে জোরপূর্বক মাছ ছাড়ার চেষ্টা করে। নিষেধ করলে তারা লাঠিসোটা নিয়ে আমাদের উপর হামলা করে। বৈঠকে তারা সিদ্ধান্ত মানলেও, পরে পুকুর দখলের অপচেষ্টা করে। অন্যদিকে, অভিযুক্ত ফারুক বলেন, পুকুরের অর্ধেকের ইজারা মালিকানা আমাদের। আমরা কোন সালিশ মানিনা। বুধবার সকালে আমরা পুকুরে মাছ ছাড়তে গেলে হাসু গং আমাদের উপর হামলা করে।
পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক বলেন, আমি এ বিষয়ে কিছুই জানিনা।
পুলিশের অবস্থান
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, বিষয়টি শুনেছি, এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



