এমরান আহমদ চৌধুরী: প্রধানমন্ত্রীর নির্দেশে বিমানবন্দর থেকে সংসদে
এমরান আহমদ: প্রধানমন্ত্রীর নির্দেশে বিমানবন্দর থেকে সংসদে

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হওয়ার পর তার নির্দেশনা অনুযায়ী ‘সঙ্গে সঙ্গেই’ জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী। বুধবার (১৭ জুন) নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি। পোস্টের সঙ্গে সংসদ ভবনে অবস্থানকালে তোলা কয়েকটি ছবিও সংযুক্ত করেছেন তিনি।

ফেসবুক পোস্টে যা লিখেছেন

এমরান লিখেছেন, ‘বিএনপি চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে এয়ারপোর্টে স্বাগত জানানোর সময় উনার নির্দেশমত সাথে সাথেই ঢাকায় মহান জাতীয় সংসদে চলে আসি।’ তিনি আরও লেখেন, ‘তারেক রহমান সংসদকে অত্যন্ত শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এবং সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করতে চাচ্ছেন। এটা থেকেই প্রতীয়মান হয় যে তিনি সংসদীয় গণতন্ত্রকে কতটুকু গুরুত্ব দেন। এটাই আমাদের জনপ্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান।’

প্রধানমন্ত্রীর সিলেট সফর

বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা থেকে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সড়ক পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে উপস্থিত কয়েকজন সংসদ সদস্যকে সংসদ অধিবেশনের কথা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাদের অধিবেশনে যোগ দেওয়ার আহ্বানও জানান তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জাতীয় সংসদে বুধবার প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব থাকলেও তিনি মৌলভীবাজার সফরে থাকায় তা টেবিলে উপস্থাপিত হয়। সফরকালে শ্রীমঙ্গল ও সদর উপজেলায় আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় সুবিধাভোগীদের হাতে কার্ড তুলে দেওয়ার পাশাপাশি গাছের চারা রোপণ করেন তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ