বিয়ে করে চাঁদা না দেওয়ায় শিক্ষক দম্পতি মারধরের শিকার
বিয়ে করে চাঁদা না দেওয়ায় শিক্ষক দম্পতি মারধর

রাজশাহীর বাগমারায় বিয়ে করে পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এক শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ উঠেছে। চাঁদা না দেওয়া পর্যন্ত ওই শিক্ষক দম্পতিকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে।

অভিযোগ দায়ের

এ ঘটনায় বাড়ীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসানুজ্জামান মঙ্গলবার পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ঘটনার বিবরণ

অভিযোগ সূত্রে জানা যায়, শুভডাঙ্গা ইউনিয়নের বাড়ীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসানুজ্জামান ও সহকারী শিক্ষিকা শারমিন সুলতানা সম্প্রতি উভয় পরিবারের সম্মতিতে বিয়ে করেন। ঈদ উপলক্ষে ১৫ দিনের ছুটি শেষে গত ৭ জুন সকালে ওই শিক্ষক দম্পতি স্কুলে এলে স্কুলপাড়ার বাসিন্দা শফিউল আলম শিবলী, মোজাম্মেল হক, জয়নাল আবেদিন, মুকুল হোসেন ও মাসুদ রানাসহ অজ্ঞাত আরও ১০-১২ জন ব্যক্তি তাদের শারীরিকভাবে নির্যাতন ও মারধর করে স্কুল থেকে তাড়িয়ে দেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ওই সময় শিক্ষক দম্পতির কাছে তারা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। তাদের দাবি, গোপনে বিয়ে করার অপরাধে তাদের পাঁচ লাখ টাকা চাঁদা দিতে হবে। চাঁদা না দেওয়া পর্যন্ত তাদের স্কুলে ঢুকতে দেওয়া হবে না বলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগীর অবস্থা

অব্যাহত হুমকির কারণে ভুক্তভোগী ওই শিক্ষক দম্পতি এখনও স্কুলে আসতে পারছেন না বলে অভিযোগে দাবি করা হয়েছে।

প্রধান শিক্ষকের বক্তব্য

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, স্কুল ছুটির আগে ওই শিক্ষক-শিক্ষিকা গোপনে বিয়ে করেছেন। বিষয়টি প্রকাশ পাওয়ার পর স্থানীয় লোকজনের বাধার কারণে তারা স্কুলে আসতে পারছেন না।

প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মন্তব্য

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ওই শিক্ষক-শিক্ষিকা যেহেতু বৈধভাবে বিয়ে করে ঘর-সংসার করছেন, কাজেই তাদের স্কুলে আসতে কেউ বাধা দিতে পারে না।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রশাসনের ব্যবস্থা

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহম্মেদ জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। উভয়পক্ষকে তলব করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।