রাজনীতি শুধু ক্ষমতা ভোগের মাধ্যম নয়: তথ্যমন্ত্রী
রাজনীতি কেবল ক্ষমতা ভোগের মাধ্যম নয়: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাজনীতি কেবল ক্ষমতা উপভোগের মাধ্যম নয়, বরং জনগণের ভাগ্য পরিবর্তনের একটি কার্যকর প্রক্রিয়া। গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সরকারের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী

শুক্রবার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের অর্থায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

তথ্যমন্ত্রী ফাউন্ডেশনের প্রশংসা করে বলেন, রাজনৈতিক অস্থিরতা ও সংকটকালেও জিয়াউর রহমান ফাউন্ডেশন ধারাবাহিকভাবে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান তারেক রহমান ও কো-চেয়ারম্যান জোবাইদা রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা, রাষ্ট্র সংস্কার ও ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ অব্যাহত রেখেছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনুষ্ঠানের বিবরণ

অনুষ্ঠানের শুরুতে সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছান তথ্যমন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান উপাচার্য অধ্যাপক মো. মামুন আর রশিদ এবং ছাত্রদলের নেতারা। পরে দুপুর ১২টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণের মাধ্যমে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন মন্ত্রী।

বক্তব্যে জহির উদ্দিন স্বপন জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রচলিত ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির বাইরে উৎপাদনমুখী ও জনকল্যাণভিত্তিক রাজনীতির ধারণা প্রতিষ্ঠা করেছিলেন। কৃষি, খাল খনন, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং মানুষের দৈনন্দিন জীবন-জীবিকার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোকে তিনি রাজনৈতিক কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশে পরিণত করেছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সামাজিক সংগঠনের ভূমিকা

সরকারের পাশাপাশি এ ধরনের কার্যক্রমে সামাজিক সংগঠনের তৎপরতা অব্যাহত রাখার তাগিদ দেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, "প্রমাণ করতে হবে যে রাজনীতি কেবল ক্ষমতা ভোগ করার প্রক্রিয়া নয়, রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া। সেটা যে রাজনৈতিক দল ক্ষমতায় যায় বা যেতে চায়, তা তাদের কর্মকাণ্ডে প্রমাণ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেটা প্রমাণ করেছেন।"

অনুষ্ঠান সঞ্চালনা করেন ৪৫তম শাহাদাতবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মামুন আর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান (শিরীন) এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম (ডোনার)।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে জিয়াউর রহমানের জনকল্যাণমূলক রাজনৈতিক দর্শনের বিভিন্ন দিক স্মরণ করেন।