প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন
প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (১৭ জুন) দুপুর ১টার দিকে শ্রীমঙ্গল পৌঁছেছেন। তৃতীয় পর্যায়ের ফ্যামেলি কার্ডের পাইলটিং কর্মসূচীর উদ্বোধন করতেই তাঁর এই আগমন।
প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহর দুপুরে শ্রীমঙ্গলে প্রবেশ করে। এর আগে সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা হন তিনি। সকাল সাড়ে ১০টার দিকে সিলেট পৌঁছে সেখান থেকে শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা হন।
ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি
দুপুর ১টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে ফ্যামেলি কার্ড বিতরণ কর্মসূচীতে অংশ নেন প্রধানমন্ত্রী। এ কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।
দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আরেকটি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।
নিরাপত্তা ব্যবস্থা
প্রধানমন্ত্রীর সফর ঘিরে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। পুরো মৌলভীবাজারকে নিরাপত্তা ব্যবস্থায় ঢেকে ফেলা হয়েছে। মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছেন।
রাজনৈতিক সভা ও প্রত্যাবর্তন
বিকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দুসাই রিসোর্টের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম শেষে দুসাই রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সভায় যোগ দেবেন। সভা শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন।



