প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থ জনগণকে না দিয়ে একটি দল বিদেশে পাচার করেছিলো। তিনি বলেন, 'জনগণের টাকা পাচার হতে দেবো না, জনগণের অর্থ দিয়ে জনগণের কাজ করা হবে।' যারা বিদেশে টাকা পাচার করতে চায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারিও দেন তিনি।
বুধবার (১৭ জুন) শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সে সময় তিনি জানান, আগামী এক বছরের মধ্য চা বাগানের সব নারী শ্রমিকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।
মানুষের ভাগ্য পরিবর্তনই লক্ষ্য
মানুষের ভাগ্যের পরিবর্তন করাই সরকারের লক্ষ্য জানিয়ে তারেক রহমান বলেন, 'শ্রীমঙ্গলে ১৫০ চা শ্রমিক সন্তানদের স্কলারশিপ দেয়া হয়েছে। আগামী ১ বছরে ৪০ লাখ কৃষক কার্ড দেয়া হবে।' বিএনপি দেশের মানুষের পাশে দাঁড়াতে চায় বলে মন্তব্য করেন তিনি।
আগামী ৫ বছরে উপজেলার ৫০ বেডের হাসপাতাল ১০০ বেডে উন্নীত করা হবে বলেও ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
বাজেট প্রসঙ্গে
প্রধানমন্ত্রী আরও বলেন, 'জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য যে বাজেট দেয়া হয়েছে, একটি দল বলে এটা নাকি জনবিরোধী বাজেট। জনবান্ধন বাজেটকে যারা জনবিরোধী বাজেট বলে তারা জনগণের বন্ধু হতে পারে না।' যারা জনগণকে বিভ্রান্ত করে তাদের বিরুদ্ধে সচেতন এবং ঐক্যবদ্ধ থাকতে হবে বলে জানান তিনি।
গণতন্ত্র ও উন্নয়ন
তারেক রহমান বলেন, 'মানুষ যতবারই ভোট দেয়ার সুযোগ পেয়েছে ততবারই বিএনপিকে বিজয়ী করেছে। দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণ ঐক্যবদ্ধ থাকলে গণতন্ত্রকে কেউ নষ্ট করতে পারবে না।'
বিএনপির সব শক্তিই জনগণ বলে উল্লেখ করে তিনি বলেন, '২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগালে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব।'



