২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বুধবার (১ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি বিশেষ পত্র জারি করা হয়েছে, যাতে হজযাত্রীদের আবশ্যকীয় তথ্য ও নথিপত্র উল্লেখ করা হয়েছে।
প্রাক-নিবন্ধনের জন্য আবশ্যকীয় তথ্য
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীকের সই করা পত্রে বলা হয়েছে, হজে গমনের প্রথম ও প্রধান ধাপ হলো প্রাক-নিবন্ধন। নতুন নির্দেশনা অনুযায়ী, হজযাত্রীদের প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে জাতীয় পরিচয়পত্র, বাংলাদেশি পাসপোর্ট বা জন্মসনদ, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর এবং ব্যাংক হিসাব নম্বর থাকতে হবে। একই পরিবারের একাধিক ব্যক্তির একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও চলবে।
ব্যাংক হিসাব বাধ্যতামূলক
মন্ত্রণালয় স্পষ্ট করেছে, ইতোপূর্বে যেসব হজযাত্রী প্রাক-নিবন্ধনের সময় ব্যাংক হিসাবের তথ্য দেননি, তাদের চূড়ান্ত নিবন্ধনের সময় অবশ্যই ব্যাংক হিসাবের তথ্য জমা দিতে হবে। পত্রে আরও উল্লেখ করা হয়েছে, হজের আর্থিক লেনদেন নিরাপদ ও সুশৃঙ্খল করার লক্ষ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীর ব্যাংক হিসাব থাকা আবশ্যক।
চূড়ান্ত নিবন্ধনের সময়সীমা
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৭ সালের হজের জন্য গতকাল ১ জুলাই থেকে প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সৌদি সরকার ঘোষিত বৈশ্বিক রোডম্যাপ অনুসারে, আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে হজের চূড়ান্ত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধন শেষ করতে না পারলে হজে গমনে জটিলতা তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।



