দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতিতে দুর্গত মানুষের উদ্ধার, জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনায় নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার (১০ জুলাই) সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক নির্দেশনায় চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে।
ছাত্রদলের জরুরি নির্দেশনা
নির্দেশনায় বলা হয়, টানা বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে দেশের যেকোনো দুর্যোগ, দুর্বিপাক ও সংকটে দায়িত্বশীল সংগঠন হিসেবে ছাত্রদলের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। এবারও বন্যাদুর্গত মানুষের জীবন ও সম্পদ রক্ষায় এবং ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট ইউনিটের নেতাকর্মীদের সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনাগুলো হলো—
- বন্যাকবলিত সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনার কাজে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। একই সঙ্গে গবাদিপশুকেও নিরাপদ স্থানে নেওয়ার ব্যবস্থা করতে হবে।
- উদ্ধারকাজে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য প্রতিটি ইউনিটে প্রয়োজনীয় সংখ্যক রেসকিউ টিম প্রস্তুত রাখতে হবে।
- স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করে ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে হবে। শুকনো ও রান্না করা খাবার, খাবার স্যালাইন, ফিটকিরি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ প্রয়োজনীয় ওষুধ প্রস্তুত রাখতে হবে।
- যারা বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে যাবেন, তাদের ঘরের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয়দের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
- বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণসহ প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে।
- সব ক্ষেত্রে নারী, শিশু ও বয়োবৃদ্ধদের অগ্রাধিকার দিতে হবে।
- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে দুর্গত এলাকায় চিকিৎসা সহায়তার জন্য মেডিকেল টিম গঠন করা হবে।
- বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত বাঁধ পুনর্নির্মাণসহ অন্যান্য কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।
- বন্যার পর টাইফয়েড, ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। এ জন্য ইউনিটভিত্তিক মেডিকেল টিম গঠন এবং প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ বিতরণের প্রস্তুতি নিতে হবে।
- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির পুরো বিষয়টি সমন্বয় করবেন। বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর যাবতীয় তথ্য ইউনিটভিত্তিক কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বন্যা পরিস্থিতি ও ছাত্রদলের ভূমিকা
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত এলাকায় চিকিৎসা সহায়তা ও রোগ প্রতিরোধে বিশেষ নজর দেওয়া হবে। সংগঠনটির নেতাকর্মীরা ইতোমধ্যে বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছেন।



