শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। বুধবার দুপুরে শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবরের নেতৃত্বে শরীয়তপুর সরকারি কলেজের সামনের সড়কে এই মিছিল বের করা হয়।
মিছিলের ভিডিও ভাইরাল
মিছিলের ১ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শরীয়তপুর জেলার আহ্বায়ক মহসিন মাদবরের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি মিছিল বের হয়। মিছিলটি শরীয়তপুরের ধানুকা রুমা সিনেমা হলের সামনে থেকে এসে শরীয়তপুর সরকারি কলেজ গেটে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে অগ্রভাগে নেতৃত্ব দিতে দেখা যায় মহসিন মাদবরকে।
পুলিশের বক্তব্য
এ বিষয়ে পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আবীর হোসেন বলেন, ফেসবুকে মিছিলটি দেখেছি। তবে এটি আজকের নাকি আগের তা নিশ্চিত হতে পারিনি। সড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে যাচাই-বাছাই করা হবে।



