আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত সাকিব আল হাসান ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। প্রায় দুই বছর ধরে দেশে ফিরতে পারেননি সাবেক এই টাইগার অধিনায়ক। তার নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে, যা তিনি দেশে গিয়ে মোকাবিলা করতে প্রস্তুত বলে জানিয়েছেন। তবে শুধুমাত্র হয়রানি না করার নিশ্চয়তা চান সাকিব।
সাক্ষাৎকারে সাকিবের বক্তব্য
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, “আমার মামলাগুলো দেশে গিয়ে কিছু করার মতো নয়। দুদকের মামলায় জামিন নিতে পারি, কিন্তু দেশে হাজার হাজার মানুষের ওপর এমন মামলা থাকলেও তারা স্বাভাবিক জীবনযাপন করছে।”
তিনি আরও বলেন, “দেশে ফিরলে গ্রেপ্তারের শঙ্কা আছে, তবে আশাবাদী যে তা হবে না। যতক্ষণ দোষ প্রমাণিত না হয়, সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু বাস্তবতা ভিন্ন হতে পারে।”
নিরাপত্তার আশ্বাস চান সাকিব
সাকিব স্পষ্ট জানিয়েছেন, হয়রানি না করার নিশ্চয়তা পেলে পরশুই দেশে ফিরবেন। তিনি বলেন, “আমি দেশে ফিরে আদালতে যাবো, মামলা লড়বো। কিন্তু নিরাপত্তা দিতে হবে। সাধারণ নাগরিক হিসেবে আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত হয়রানি না করার নিশ্চয়তা চাই।”
তিনি আরও বলেন, “আমি বড় ধরনের নিরাপত্তা চাই না, শুধু স্বাভাবিক নিরাপত্তা এবং হয়রানি না করার প্রতিশ্রুতি। কালকে যদি নিশ্চয়তা দেওয়া হয়, পরশুই দেশে যাবো।”



