সিলেটের জনসভায় হাস্যরস ছড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে আয়োজিত জনসভায় তিনি বলেন, “আমি কথা বললে শ্বশুরবাড়ির লোকদের শুনতে হবে।” বক্তব্যের সময় নেতাকর্মীরা ‘দুলাভাই’ বলে স্লোগান দিলে প্রধানমন্ত্রী বলেন, “দুলাভাইকে কথা বলতে না দিলে তো দুলাভাই চলে যাবে। যাব আমি? কথা বলব না যাব? কথা বলতে হলে চুপ করতে হবে।”
সিলেট সফর ও মাজার জিয়ারত
এর আগে একদিনের সরকারি সফরে সিলেট পৌঁছান প্রধানমন্ত্রী। সকালে বৃষ্টির মধ্যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে স্ত্রীকে সঙ্গে নিয়ে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে সুধী সমাবেশে যোগ দেন। বেলা ১২টায় কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
উন্নয়ন প্রকল্পের ঘোষণা
প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা জনগণের কাছেই। মানুষের কল্যাণে প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে, যা পর্যায়ক্রমে সারা দেশে পৌঁছে দেওয়া হবে। আগামী পাঁচ বছরের মধ্যে সব যোগ্য পরিবারকে এই সুবিধার আওতায় আনার লক্ষ্য রয়েছে।
এছাড়া ধর্মীয় নেতাদের ভাতা প্রদান ও খাল খনন কার্যক্রম শুরুর কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। শিল্প খাতের উন্নয়নে বন্ধ কারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, যা কর্মসংস্থান বাড়াবে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।



