শক্তি প্রয়োগ করা রাজনৈতিক দলের কাজ নয়, রাষ্ট্রবিরোধী কার্যক্রম করলে রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। শনিবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে নেতৃবৃন্দের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘রাজনৈতিকভাবে প্রতিহত বলতে কোনো দলকে বক্তব্যের মাধ্যমে করা হয়। শক্তি প্রয়োগ করা রাজনৈতিক দলের কাজ না। কেউ রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজ করলে, সেটা দেখার দায়িত্ব রাষ্ট্রের আইনশৃঙ্খলারক্ষাকারী প্রতিষ্ঠানের। এটা বিএনপির কাজ না। বিএনপি রাজনৈতিকভাবে অবস্থান ব্যক্ত করবে।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বিএনপি রাজনৈতিকভাবে জনগণকে কনভিন্স করার চেষ্টা করবে। এই দলটির (আওয়ামী লীগ) নেতাকর্মীরা এতদিন ধরে জনগণকে নিপীড়ন করেছে, জনগণের সম্পদ লুন্ঠন করেছে, এই দেশটাকে দুর্বল করেছে, ক্ষতিগ্রস্ত করেছে, পরনির্ভরশীল করেছে। কাজেই এই দলটা এবং তাদের নেতাকর্মীদের বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাওয়া উচিত না।’
নজরুল ইসলাম খান বলেন, ‘পতিত আওয়ামী লীগের মতো বিএনপি জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ করবে না। যদি বিএনপি করে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা মাথা পেতে নেওয়া হবে। কিন্তু আমরা বিশ্বাস করি, বিএনপি কখনো দেশের জনগণের স্বার্থ বিরুদ্ধে কিছু করে নাই, ভবিষ্যতেও করবে না। কাজেই এই আইন নিয়ে বিএনপির দুশ্চিন্তগ্রস্ত হওয়ার কিছু নাই।’



