প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণের ভোটে পাওয়া ম্যান্ডেট অনুযায়ী সব কর্ম পরিকল্পনা বাস্তবায়ন হবে। ষড়যন্ত্র হলে জনগণই তার জবাব দেবে। ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।’
শনিবার (১৬ মে) বিকালে চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় বিশ্ব খাল কোন খনন কাজের উদ্বোধন শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ থেকে বিতাড়িত স্বৈরাচার একবার বলেছিল, বিএনপিকে শান্তিতে থাকতে দেবে না। আমরা যখন খালকাটা, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দেওয়াসহ বিভিন্ন কর্মসূচি শুরু করেছি তখন কিছু সংখ্যক মানুষ বিভ্রান্তিকর কথা বলছে। এগুলো থেমে গেলে সাধারণ মানুষের ক্ষতি হবে।’
তিনি বলেন, ‘আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, যাতে খাল কাটা কর্মসূচি, ফ্যামিলি কার্ড প্রদান, কৃষক কার্ড, বেকারদের কর্মসংস্থান সৃষ্টিতে কেউ বাধাগ্রস্ত না পারে সে বিষয়ে সচেতন থাকতে হবে। ১২ তারিখের নির্বাচনে এসব কর্মসূচির পক্ষে ছিল বলেই মানুষ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে।’
বিএনপি চেয়ারম্যান বলেন, ‘পরিষ্কারভাবে আমি বলে দিতে চাই, যেই কাজ করার সমর্থন দেশের মানুষ ভোটের মাধ্যমে দিয়েছে তা আমরা এক এক করে সেই কাজগুলো, সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবো। এতে কেউ বাধা দিলে বাংলাদেশের মানুষ তাদের সেই ষড়যন্ত্রকে ভেস্তে দেবে, আমাদের কিছু করা লাগবে না। তাই আসুন বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করি।’
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিনসহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা।
এর আগে ৪৬ বছর পর বাবা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত চাঁদপুরের শাহরাস্তি উয়ারুক এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এরপর বিকালে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। সবশেষে সন্ধ্যায় চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন তিনি।



