নির্বাচনের পর প্রথমবার চাঁদপুর সফরে যাওয়ার পথে কুমিল্লার বরুড়ায় পথসভায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিন পর তাকে কাছে পেয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়। শনিবার (১৬ মে) দুপুরে বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় বক্তব্য দেন তিনি।
স্থানীয় দাবি ও আশ্বাস
সভায় স্থানীয় জনপ্রতিনিধিরা কুমিল্লাকে বিভাগ ঘোষণা এবং একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ কয়েকটি দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। এ বিষয়ে তারেক রহমান বলেন, ‘কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা যদি জনগণের দাবি হয়ে থাকে, তবে তা বাস্তবায়ন করা হবে।’ একই সঙ্গে সেখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়েও ইতিবাচক আশ্বাস দেন তিনি।
উন্নয়ন কর্মকাণ্ডের হিসাব
বক্তব্যে প্রধানমন্ত্রী তার সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বলেন, ‘বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এরইমধ্যে খাল খনন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ইমাম-পুরোহিতদের সম্মানী দেয়া শুরু হয়েছে। বিএনপি যে ওয়াদা দেয়, সরকারে এলে সেই ওয়াদা পূরণ করে।’
সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান
দেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘সবাই যাতে স্বাবলম্বী হতে পারে, সে জন্য প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে তা নিশ্চিত করতে হবে। জনগণই দেশের মালিক; মালিক যখন দায়িত্ব নেয়, তখনই দেশ এগিয়ে যায়।’
বিগত সরকারের সমালোচনা
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘স্বৈরাচার যেমন দেশের ওপর অত্যাচার-নির্যাতন করেছে, তেমনি অর্থ লোপাটও করেছে। যার কারণে দেশের অর্থনীতি এখন কিছুটা চাপের মুখে রয়েছে।’ এ সময় তিনি দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান।



