বজ্রাঘাতে জাতীয় ছাত্রশক্তি নেতার মৃত্যু
বজ্রাঘাতে জাতীয় ছাত্রশক্তি নেতার মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মাঠে ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে মজনু মিয়া (২২) নামের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন ছাত্রশক্তির এক নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার ৫ নম্বর জোড়খালী ইউনিয়নের কামার পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

মজনু মিয়া ওই এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি এনসিপির মাদারগঞ্জ উপজেলার জাতীয় ছাত্রশক্তির সদস্য ছিলেন। জানা গেছে, শুক্রবার সকালে মজনু মিয়া তার বাড়ির পাশের ক্ষেতে ধান কাটতে যান। দুপুর ১টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রাঘাত শুরু হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

পারিবারিক ও রাজনৈতিক পরিচয়

মজনু মিয়ার বাবা বাচ্চু মিয়া বলেন, 'আমার ছেলে সকালে আমাদের ক্ষেতে ধান কাটতে যায়। যখন ঝড়-বৃষ্টি শুরু হয়, তখন আমি জুমার নামাজ পড়তে মসজিদে ছিলাম। নামাজ পড়ে এসে শুনি আমার ছেলে মারা গেছে।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান বলেন, 'মজনু মিয়া মাদারগঞ্জ উপজেলা ছাত্রশক্তির সক্রিয় সদস্য ছিলেন। তিনি অত্যন্ত বিনয়ী, ভদ্র ও অমায়িক একজন ছেলে। মাদারগঞ্জ উপজেলায় যতবার গিয়েছি, প্রায় প্রতিবারই তার সঙ্গে দেখা হয়েছে। এমন একটি শান্ত, ভদ্র ও সম্ভাবনাময় ছেলের মর্মান্তিক মৃত্যু সত্যিই মেনে নেওয়া কঠিন।'

আইনি প্রক্রিয়া

মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় বলেন, 'ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ এখনও উদ্ধার করে থানায় আনা হয়নি। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ